ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-জামায়াত নেতা আলী আহসান মুজাহিদসহ খনি দুর্নীতি মামলার পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার করার বিরুদ্ধে সরকারকে হুঁশিয়ার করে দিয়েছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
রোববার তিনি বলেছেন, "যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তা বাস্তবায়নের চেষ্টা করবেন না। তা না হলে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হওয়ার সব দায় আপনাদেরই নিতে হবে।"
বিকেলে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে চার দলের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদও এ সমাবেশে উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে শিবির কর্মীদের পাহারায় একটি জিপে করে সমাবেশস্থল ত্যাগ করেন তিনি। এ সময়ে মিলনায়তনের বাইরে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিল।
ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে গত সোমবার সাবেক মন্ত্রী সাইফুর রহমান, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, ব্যারিস্টার আমিনুল হকসহ বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার নয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেয়।
সমাবেশে দেলোয়ার বলেন, "হাত-পা বাঁধা অবস্থায় কিংবা কোনো পাতানো নির্বাচনে আমরা অংশগ্রহণ করব না, ওই নির্বাচন হতেও দেব না। আওয়ামী লীগ অংশ না নেওয়ায় '৯৬ সালের ১৫ ফেব্র"য়ারি নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে যদি প্রশ্ন উঠে থাকে, তবে এবার চার দলকে নির্বাচনী বলয় থেকে দূরে রেখে নির্বাচন হলে তাও গ্রহণযোগ্যতা পাবে না।''
জরুরি অবস্থা প্রত্যাহার করে পুরনো সংসদীয় সীমানা অনুযায়ীই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান তিনি।
নির্বাচন কমিশনের 'প্রার্থীতা' বাতিলের ক্ষমতাকে 'স্বৈরাচারী আইন' আখ্যায়িত করে দেলোয়ার বলেন, "নির্বাচন কমিশনের কাছে এ ক্ষমতা থাকতে পারে না। এটা কেবল আদালতের হাতেই থাকতে পারে।"
খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা গ্যাটকো, নাইকো ও বড়পুকুরিয়া খনি দুর্নীতি মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বলেন, "সরকারের শুভ বুদ্ধির উদয় হতে হবে। মিথ্যা মামলার অভিযোগপত্র প্রত্যাহার ও হয়রানি বন্ধ করতে হবে। নইলে আমরা বুঝব, সরকার নির্বাচন নিয়ে নাটক করছে। এ রকম নাটক হলে আমরা প্রয়োজনে কর্মসূচি দিতে বাধ্য হব।"
জরুরি অবস্থা প্রত্যাহার, সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বাতিল, খালেদা জিয়ার বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারসহ ৫ দফা দাবিতে সারাদেশে কর্মসূচির অংশ হিসেবে চার দলীয় জোট কেন্দ্রীয়ভাবে এ সামাবেশের আয়োজন করে।
অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, এম শামসুল ইসলাম, যুগ্ম মহাসচিব সেলিমা রহমান, অধ্যাপক আবদুল মান্নান, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, মহাসচিব শামীম আল মামুন, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী ও খেলাফত মজলিশের চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ইসহাক সমাবেশে বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/জিএনএ/১৯৩২ ঘ.
bdnews24