আবার আ. লীগের জোটে ভিড়তে চান ড. কামাল
আবার আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তথাকথিত ওয়ান ইলেভেনের জোর সমর্থক গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
বিগত মাসগুলোতে প্রধান দুই দলের কট্টর সমালোচক কামাল নির্বাচন ঘনিয়ে আসার এসময় আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের ২৩ দফাকে ভিত্তি করে বৃহত্তর রাজনৈতিক জোট গঠনের আহবান জানিয়েছেন।
ড. কামাল শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর রিয়াজুল বাশারকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “আমার আবেদন, ২৩ দফা কর্মসূচির ভিত্তিতে ১৪ দল ছাড়াও সমমনা দলগুলো ঐক্যবদ্ধ হোক। সুষ্ঠু নির্বাচন এবং শিক্ষা, স্বাস্থ্যসহ দেশের সার্বিক উন্নয়নের জন্য এই ঐক্য গড়ে তোলা দরকার।”
২০০৫ সালের ২২ নভেম্বর পল্টন ময়দানে ১৪ দলীয় জোট ২৩ দফা কর্মসূচি ঘোষণা করে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ওই জোটে গণফোরামও রয়েছে।
২০০৭ সালের ২২ জানুয়ারির বাতিল হওয়া নির্বাচনের আগে ১৪ দলের সঙ্গে এরশাদ নেতৃত্বাধীন জাতীয় পার্টি, বি চৌধুরী ও অলি আহমদ নেতৃত্বাধীন এলডিপি এবং ইসলামী ঐক্যজোটের একাংশকে নিয়ে মহাজোট গঠন করে আওয়ামী লীগ।
তবে জরুরি অবস্থা জারির পর আওয়ামী লীগের সঙ্গে ড. কামালের সম্পর্ক ক্রমে শীতল হতে থাকে। এমনকি এক মাস আগে আওয়ামী লীগের ইফতার পার্টিতেও ড. কামাল হোসেনকে আমন্ত্রণ জানানো হয়নি।
ড. কামাল হোসেন বলেন, “কালো টাকা, পেশী শক্তিমুক্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে আছে। এখন শুধু সমমনা দলগুলোকে নিয়ে ঐক্য গড়ে তুলতে হবে।”
সমমনা বলতে কাদের বোঝাচ্ছেন- জানতে চাওয়া হলে তিনি বলেন, “নীতি যদি অভিন্ন হয়, তাহলেই তারা সমমনা।”
এক সময়ের আওয়ামী লীগ নেতা কামাল বলেন, “৫৪-এ যুক্তফ্রন্ট সুষ্ঠু ধারার যে রাজনীতি প্রবর্তন করেছিল, সেই পথ ধরেই বঙ্গবন্ধু ছয় দফা ও ১১ দফার ভিত্তিতে জাতীয় ঐক্য গড়ে তুলেছিলেন, আর এর ধারাবাহিকতায় আমরা স্বাধীনতা পেয়েছি। আজ ২৩ দফার ভিত্তিতে সেই ধারাবাহিকতা অক্ষুণœ রাখতে চাই।”
সমমনাদের ঐক্য গড়ে তোলার লক্ষ্য নিয়েই গণফোরাম গঠিত হয় দাবি করে ড. কামাল বলেন, “এই আহ্বান থেকে এক সেকেন্ডের জন্যও বিচ্যুত হইনি। ২৩ দফাকে কেন্দ্র করে আন্দোলনে ছিলাম, আছি এবং থাকব।”
“মানুষ ছুটোছুটি করলেও দফা ছুটোছুটি করে না”, মন্তব্য করেন তিনি।
স্বাধীনতার পর বঙ্গবন্ধুর মন্ত্রিসভার সদস্য ড. কামাল ১৯৯৩ সালে আওয়ামী লীগ থেকে বেরিয়ে গণফোরাম প্রতিষ্ঠা করেন।
সেনা সমর্থিত সরকারের তথাকথিত সংস্কারের ঘোর সমর্থক হিসেবে পরিচিতি পাওয়া ড. কামাল বিচারাধীন মামলার আসামিদের সঙ্গে সরকারের উপদেষ্টাদের বৈঠকের সমালোচনা করে বলেন, “যাদের সঙ্গে বৈঠক করা হচ্ছে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা বিচারাধীন। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সাংবিধানিক পদ। তারা কীভাবে এদের সঙ্গে গোপন বৈঠক করতে পারেন।”
শুক্রবার উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান খালেদা জিয়ার সঙ্গে তার বাসায় গিয়ে একান্তে বৈঠক করেন।
এর আগেও সরকারের উপদেষ্টারা কারামুক্তির পর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন।
হাসিনা ও খালেদা- সাবেক দুই প্রধানমন্ত্রীই বিভিন্ন মামলায় অভিযুক্ত।
দুর্নীতির মামলায় অভিযুক্তদের বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়ে ড. কামাল বলেন, “দেশের মানুষের দীর্ঘদিনের দাবি, দুর্নীতিবাজদের বিচার হোক। যাদের ধরা হয়েছে, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। তাদের বিচার প্রক্রিয়া শেষ করতে হবে। আর রাজনৈতিক দলগুলোর দায়িত্ব তদন্ত সাপেক্ষে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।”
রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আনতে সরকারের তৎপরতাকে ‘দরকষাকষি’ আখ্যা দিয়ে গণফোরাম সভাপতি বলেন, “প্রধান উপদেষ্টার বলা উচিৎ, আপনাদের (উপদেষ্টা) দায়িত্ব দরকষাকষি করা নয়। উপদেষ্টাদের দরকষাকষি বন্ধ করে আইনি পথে মামলাগুলো সমাধা করতে বলুন।”
সরকারকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, “দল বিশেষের স্বার্থ দেখে তত্ত্বাবধায়ক সরকারের কোনও সিদ্ধান্ত নেওয়া উচিৎ নয়। আইনের চোখে সবাই সমান- এর প্রতি শ্রদ্ধাশীল হয়েই তারা শপথ নিয়েছে। অন্য দু-চারটা দল যা করেছে, আমিও তাই করে যাচ্ছি- এই ভুল থেকে বেরিয়ে আসতে হবে।”
জরুরি অবস্থার মধ্যে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে বলে মনে করেন কিনা- জানতে চাওয়া হলে শীর্ষ এই আইনজীবী বলেন, “জরুরি অবস্থা বহাল থাকলে মানুষ ঠিকমতো ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিনা, তা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। সেটা তারাই বলবে। এ নিয়ে বক্তব্য দিয়ে আমি বিতর্ক বাড়াতে চাই না।”
