ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে শুক্রবারের বৈঠক সম্পর্কে শনিবার সাংবাদিকদের বিস্তারিত জানানোর কথা থাকলেও তা করেননি উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।
বিকেলে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এর কাছে সরকারের রাজনৈতিক মুখপাত্র বলে পরিচিত হোসেন জিল্লুর দাবি করেন, প্রায় দেড় ঘণ্টার বৈঠকে সরকারের সঙ্গে বিএনপির সংলাপের তারিখ ঠিক করা ছাড়া অন্য কোনো বিষয়ে খালেদা জিয়ার সঙ্গে তার আলোচনা হয়নি।
হোসেন জিল্লুর রহমান শুক্রবার সেনানিবাসের মইনুল রোডে খালেদা জিয়ার বাসায় গিয়ে তার সঙ্গে বৈঠক করেন। সন্ধ্যা ৭টা ১০ থেকে রাত ৮টা ৪৫ পর্যন্ত চলে তাদের এই বৈঠক।
এই বৈঠকের খবর পেয়ে বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলের সাংবাদিকরা সেনানিবাসের জাহাঙ্গীর গেটে জড়ো হয়। তাদের এড়াতে উপদেষ্টা অন্য সড়ক হয়ে সেনা নিবাস এলাকা ত্যাগ করেন।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে শুক্রবার গভীর রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "শনিবার গণমাধ্যমকে ডেকে আমি বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাব।"
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষা উপদেষ্টার তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ব্রিফিং এর স্থান ও সময় পরে জানিয়ে দেয়া হবে।"
একই কর্মকর্তা দুপুর সাড়ে ১২টায় জানান, 'ব্রিফিং' হবে না।
বিকেলে এ বিষয়ে জানতে চাইলে হোসেন জিল্লুর টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম এ বিষয়ে ব্রিফ করেছেন।"
সৈয়দ ফাহিম মুনয়েম এর আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপি চেয়ারপারসনের সঙ্গে উপদেষ্টার বৈঠক সম্পর্কে ব্রিফিং নিয়ে কোনো কিছু তার জানা নেই।
তবে সরকারের সঙ্গে বিএনপি'র সংলাপ ১৫ অক্টোবরের বদলে ১৪ অক্টোবর সকাল ১১টায় হবে বলে প্রেস সচিব জানান।
প্রেস সচিবের বক্তব্য উপদেষ্টাকে জানানো হলে তিনি বলেন, "সরকারের সঙ্গে বিএনপির সংলাপের তারিখ নির্ধারণের বিষয়টিই আজ জানানোর কথা ছিল। খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে এ বিষয়েই আলোচনা হয়েছে।"
তিনি বলেন, "অন্য কোনো বিষয়ে আমাদের আলাপ হয়নি।"
এ কথা বলেই টেলিফোন কেটে দেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/জেকে/জিএনএ/১৯৪০ ঘ.
bdnews24