২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সঙ্গে সরকারের সংলাপ ১৫ নয় ১৪ অক্টোবর

সরকারের সঙ্গে বিএনপির আলোচনার নির্ধারিত সময় একদিন এগিয়ে ১৫ অক্টোবরের পরিবর্তে ১৪ অক্টোবর ঠিক করা হয়েছে। একইদিন বিকালে চার দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামীর সঙ্গে সংলাপের দিনক্ষণ নির্ধারিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2008, 08:14 AM

Updated : 26 Aug 2022, 02:29 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের সঙ্গে বিএনপির আলোচনার নির্ধারিত সময় একদিন এগিয়ে ১৫ অক্টোবরের পরিবর্তে ১৪ অক্টোবর ঠিক করা হয়েছে। একইদিন বিকালে চার দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামীর সঙ্গে সংলাপের দিনক্ষণ নির্ধারিত হয়েছে। অন্যান্য দলের মতো এই দুইটি দলের সঙ্গে সংলাপেও প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ ও সরকারের পাঁচ উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম কাদের, এ এফ এম হাসান আরিফ, আনোয়ারুল ইকবাল, ড. ইফতেখার আহমেদ চৌধুরী ও ড. হোসেন জিল্লুর রহমান থাকবেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম শনিবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন,'' বিএনপির সঙ্গে ১৪ অক্টোবর সকাল ১১টায় এবং জামায়াতে ইসলামীর সঙ্গে বিকালে সংলাপ হবে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সংলাপ হবে।'' বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন শুক্রবার সাংবাদিকদের জানিয়েছিলেন, ১৫ অক্টোবর সরকারের সঙ্গে সংলাপ হবে। শনিবার দুপুরে ন্যাম ফ্ল্যাটে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, '' সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বিএনপি সরকারের সঙ্গে সংলাপে বসবে। সেখানে আমরা নির্বাচনের পরিবেশ তৈরির জন্য আমাদের বক্তব্য তুলে ধরব।'' এক প্রশ্নের জবাবে তিনি জানান, সরকারের সঙ্গে সংলাপের পরই নিবন্ধন বিষয়ে চার দল বসে সিদ্ধান্ত হবে। এদিকে সরকারের সঙ্গে সংলাপের বিষয়বস্তু ঠিক করতে শনিবার সকালে সংলাপ প্রস্তুতি কমিটির বৈঠক হয় ধানমণ্ডিতে বিলস কার্যালয়ে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে বৈঠকে এম কে আনোয়ার, আবদুল মান্নান, নজরুল ইসলাম খান ও রিজভী আহমেদ উপস্থিত ছিলেন। এম কে আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' সংলাপের বিষয়বস্তু এখনো চূড়ান্ত হয়নি। আজ-কালের মধ্যে হয়ে গেলে তা মহাসচিবের কাছে দেওয়া হবে। আমরা জরুরি অবস্থা প্রত্যাহার, উপজেলা নির্বাচনের তারিখ পরিবর্তন, রাজবন্দিদের মুক্তিসহ সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে সব দলের জন্য সমান সুযোগ সৃষ্টির বিষয়টি সংলাপে তুলে ধরব।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এসএম/জিএনএ/১৪০০ ঘ.