ঢাকা, অক্টোবর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনের সঙ্গে আওয়ামী লীগের প্রতিনিধি দলের বৈঠক শুরু হয়েছে।
বুধবার সকাল ১১টা থেকে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে এই বৈঠক শুরু হয়। নির্বাচনী আইন, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ এবং রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে আলোচনা করছে প্রতিনিধি দলটি।
ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল অংশ নিচ্ছে।
প্রতিনিধি দলের অন্যরা হচ্ছেন- ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হোসেন তৌফিক (এইচ.টি.) ইমাম।
নির্বাচন কমিশনের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা ছাড়াও নির্বাচন কমিশনার মুহম্মদ ছহুল হোসেন, সচিব মুহম্মদ হুমায়ুন কবির উপস্থিত রয়েছেন।
বৈঠকের শুরুতেই তোফায়েল আহমেদ সিইসির উদ্দেশ্যে বলেন, "নির্বাচনী আইন সংশোধনে কমিশনের সর্বশেষ অবস্থান জানতে আমরা এখানে এসেছি। সর্বশেষ ইসির সঙ্গে তৃতীয় দফা সংলাপের পর কয়েকটি বিষয়ে সংশোধনে দুই পক্ষই একমত হয়েছিলাম। তারপরেও কয়েকটি ধারায় কমিশন এখনো সংশোধন আনেনি। আমরা কয়েকটি ধারায় প্রয়োজনীয় পরিবর্তন আনার জন্যই আরেক দফা বলতে এসেছি।"
সিইসি জানান, নির্বাচন আইনের সর্বশেষ অবস্থানগুলো আমরা আপনাদেরকে অবহিত করবো।
মঙ্গলবার সিইসি সাংবাদিকদেরকে জানান, গণপ্রতিনিধিত্ব আদেশে দ্বিতীয় দফা সংশোধনের পর (মঙ্গলবার উপদেষ্টা পরিষদে অনুমোদিত) আর কোন পরিবর্তন আনা সম্ভব হবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কিউএইচ/জিএনএ/১২৪২ ঘ.
bdnews24