২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাজোটে যেতে চায় কাজী ফারুকের 'ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন'

'ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন' নামে একটি নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিয়েই মহাজোটে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন প্রশিকার চেয়ারম্যান কাজী ফারুক আহমেদ। সোমবার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের সঙ্গে দেখা করে মহাজোটে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2008, 03:21 PM

Updated : 26 Aug 2022, 02:28 PM

ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন' নামে একটি নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিয়েই মহাজোটে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন প্রশিকার চেয়ারম্যান কাজী ফারুক আহমেদ। সোমবার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের সঙ্গে দেখা করে মহাজোটে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি। সোমবার বিকেলে মিরপুরে ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কাজী ফারুক জানান, আগামী বুধবার (৮ অক্টোবর) কনভেনশনের মাধ্যমে তার দল আত্মপ্রকাশ করবে। এরপর সন্ধ্যায় তিনি গুলশানে জিল্লুর রহমানের বাসায় গিয়ে তার সঙ্গে দেখা করেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক এসময় সেখানে উপস্থিত ছিলেন। জিল্লুর রহমানের সঙ্গে বৈঠক শেষে কাজী ফারুক সাংবাদিকদের বলেন, "মহাজোটে যোগ দেয়ার বিষয়ে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির সঙ্গে আমার আলোচনা হয়েছে। তিনি ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশে ফিরলেই এ বিষয়ে সিদ্ধান্ত হবে।" তিনি আরো বলেন, "আমরা গণতান্ত্রিক, প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সঙ্গে কাজ করতে চাই।" পরে জিল্লুর রহমান সাংবাদিকদের বলেন, "তারা (ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন) মহাজোটে যোগ দেয়ার আগ্রহ প্রকাশ করেছে। আমরা তাদের স্বাগত জানিয়েছি। নেত্রী (শেখ হাসিনা) ফিরুক; তারপর আমরা শরিকদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেব।" এক প্রশ্নের জবাবে জিল্লুর রহমান বলেন, "শেখ হাসিনার মুক্তি ছাড়া আওয়ামী লীগ কোনোভাবেই নির্বাচনে যাবে না।" এর আগে, দলের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের আহবায়ক কাজী ফারুক বলেন, সারাদেশ থেকে দলের প্রায় তিন হাজার কাউন্সিলর বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে অনুষ্ঠেয় কাউন্সিলে অংশ নেবেন। তিনি জানান, ৩৬ জেলা ও ১৬০টি উপজেলায় এরইমধ্যে নাগরিক আন্দোলনের কমিটি করা হয়েছে। নভেম্বরের মধ্যে ৪০ হাজার গ্রামেও কমিটি হয়ে যাবে। জরুরি অবস্থার মধ্যে নতুন রাজনৈতিক দল কেন গঠন করা হচ্ছে- এ প্রশ্নের জবাবে কাজী ফারুক বলেন, "ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন নতুন কোনো সংগঠন নয়। ১৯৯৬ সাল থেকেই গণতন্ত্রের জন্য এ সংগঠন সক্রিয় ছিল। এ দলের নেতাকর্মীরা শুরু থেকেই মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী ও অসাম্প্রদায়িক প্রার্থীর পক্ষে দেশবাসীর কাছে ভোট চেয়ে আসছে।" আহ্বায়ক আরো বলেন, "নাগরিক আন্দোলন মনে করে, উপর্যুপরি সামরিক শাসন এবং গণতন্ত্রের ছদ্মাবরণে স্বৈরশাসন রাষ্ট্রকে দুর্বৃত্তায়নের পথে ঠেলে দিয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্যই আমরা সরাসরি রাজনীতিতে নামছি।" একটি এনজিও'র পক্ষে রাষ্ট্রকে দুর্বৃত্ত ও দারিদ্রমুক্ত করা সম্ভব নয় মন্তব্য করে কাজী ফারুক বলেন, "এর জন্য প্রয়োজন রাষ্ট্রীয় উদ্যোগ। রাষ্ট্রীয় ক্ষমতার অংশীদারিত্বের জন্যই আমাদের রাজনীতিতে আত্মপ্রকাশ।" বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে এ দেশে দুর্বৃত্তায়নের সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। অপর এক প্রশ্নের জবাবে কাজী ফারুক বলেন, "অতীতেও নাগরিক আন্দোলন ১৪ দলের সঙ্গে ছিল। এবারও ১৪ দল ও মহাজোটের সঙ্গে থাকবে।" তিনি জানান, আগামী জাতীয় নির্বাচনে নাগরিক অন্দোলন প্রার্থী দেবে। নির্বাচন কমিশনের সব আইন মেনে সংগঠনের নিবন্ধন করা হবে। প্রশিকা প্রধান জানান, নাগরিক আন্দোলনের জন্য প্রশিকার কাঠামোগত কোনো সহায়তা নেয়া হবে না। তবে প্রশিকার কর্মীরা ইচ্ছা করলে এই সংগঠনে যোগ দিতে পারবে। সদস্যদের এককালীন ও বার্ষিক ফি দিয়ে দলের তহবিল পরিচালিত হবে। দল পরিচালনার জন্য ছোট ছোট অনুদান নেয়া হবে। তবে কোনো ব্যক্তি বা গোষ্ঠি প্রভাব বিস্তার করতে পারে এমন কোনো অনুদান গ্রহণ করা হবে না। এর আগে আরেক বেসরকারি সংস্থা গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস গত বছর ফেব্র"য়ারিতে নাগরিক শক্তি নামে একটি নতুন দল গঠনের ঘোষণা দিলেও শেষ পর্যন্ত তিনি মত পাল্টান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/এমএইচবি/২১১৪ ঘ.