চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা যুবলীগের কর্মী সভায় সংগঠনের নেতারা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত সব মামলা প্রত্যাহার ও তার স্থায়ী মুক্তি দাবি করেছেন।
এছাড়া যুবলীগের সভাপতি জাহাঙ্গীর কবির নানক ও সাধারণ সম্পাদক মির্জা আজমের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারেরও দাবি জানান তারা।
সোমবার সকালে স্থানীয় শহীদ সাটু মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার মাসুদ।
সদর উপজেলা যুবলীগের সভাপতি সুবাস পাণ্ডের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন- কেন্দ্রীয় নেতা আরিফুর রহমান মাসুম, আশরাফ হোসেন নবাব, আমির উদ্দিন, সামিরুল হক মিন্টু, সৈকত জোয়ারদার, আনোয়ারুল ইসলাম, জেলা যুবলীগ সভাপতি মাসিদুর রহমান ও সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক।
সভায় জেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক সাংসদ মেসবাহুল হক বাচ্চু ও সাধারণ সম্পাদক মঈনুদ্দিন মন্ডলসহ জেলা নেতারা উপস্থিত ছিলেন।
যুবলীগ নেতারা অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচার, তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা এবং সংসদ নির্বাচনের আগে জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬০২ ঘ.
bdnews24