ঢাকা, অক্টোবর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- নুর আলীর চাঁদাবাজির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জামিনের ওপর ১২ অক্টোবর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।
এই সময়ের মধ্যে জামিন আবেদনকারীদের আপিলের আবেদন করতে বলা হয়েছে।
সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি জয়নুল আবেদীনের অবকাশকালীন আদালত আপিল আবেদনের ওপর উভয়পক্ষের শুনানি গ্রহণ করে এই আদেশ দেন।
শেখ হাসিনার কৌসুলি ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নুর আলীর মামলায় আমরা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সাময়িক আপিল করেছিলাম। পাশাপাশি জামিনের আবেদনও জানিয়েছিলাম। আদালত ১২ অক্টোবর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে জামিনের আবেদনটির শুনানির দিন ধার্য করেছেন। পাশাপাশি আমাদের এই সময়ের মধ্যে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নিয়মিত আপিল দায়ের করতেও বলা হয়েছে।"
এর আগে শেখ হাসিনার পক্ষের শুনানিতে তার প্রধান কৌশুলি ব্যারিস্টার রফিক উল হক বলেন, "সরকার স্বাস্থ্যগত কারণে শেখ হাসিনাকে প্যারোলে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়েছে। তিনি চিকিৎসাধীন। স্বাস্থ্যগত কারণেই তার জামিনের প্রয়োজন।"
সরকার পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মনসুর হাবিব জামিনের আপিলের বিরোধিতা করে বলেন, "শেখ হাসিনাকে স্বাস্থ্যগত কারণে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। সেই প্যারোলের মেয়াদও এক মাস বাড়ানো হয়েছে। দেশে এসে তিনি জামিনের আবেদন করতে পারেন।"
ব্যারিস্টার রফিক উল হকের সঙ্গে ব্যারিস্টার শফিক আহমেদও শুনানিতে অংশ নেন।
রোববার ব্যবসায়ী নুর আলীর চাঁদাবাজি মামলায় জামিন খারিজের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন শেখ হাসিনা। এর আগে গত ২৯ সেপ্টেম্বর তার জামিন আবেদন খারিজ করে দিয়েছিল হাইকোর্ট।
এই মামলায় হাইকোর্ট গত বছরের ৭ আগস্ট হাসিনাকে জামিন দিয়েছিল। কিন্তু আপিল বিভাগ ২০ দিন পরে তা স্থগিত করে দেয়।
২০০৭ সালের ১৩ জুন ইউনিক গ্র"পের চেয়ারম্যান নূর আলী ৫ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে শেখ হাসিনা, তার দুই আত্মীয়- শেখ হেলাল ও তার স্ত্রী রূপা চৌধুরীর বিরুদ্ধে তেঁজগাও থানায় মামলাটি দায়ের করেন।
২০০৭ সালের ১৬ জুলাই শেখ হাসিনাকে গ্রেপ্তার করার পর এবছর ১১ জুন সরকারের নির্বাহী আদেশে বিদেশে চিকিৎসার জন্য সাময়িক মুক্তি পান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/কিউএইচ/এসকে/১৩১৯ঘ.
bdnews24