ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাইকো ও ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলায় আগামী ২০ অক্টোবর পর্যন্ত শেখ হাসিনাকে গ্রেপ্তার বা হয়রানি না করতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই সময় পর্যন্ত তার দেশে-বিদেশে মুক্ত চলাচলে বাধা সৃষ্টি না করারও নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার বিচারপতি আনোয়ারুল হক ও জুবায়ের রহমান চৌধুরীর অবকাশকালীন বেঞ্চ হাসিনার দু'টি জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেন। আদালতের আদেশের পর হাসিনার কৌঁসুলি ব্যারিস্টার রফিক উল হক সাংবাদিকদের এ তথ্য জানান।
সাবেক প্রধানমন্ত্রী হাসিনার পক্ষে শুনানিতে আরও অংশ নেন ব্যারিস্টার শফিক আহমেদ।
দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সরকার পক্ষে হাসিনার জামিন আবেদনের বিরোধিতা করে বক্তব্য দেন অ্যাডভোকেট এম এ আজিজ খান এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহম্মদ আলী আকন্দ।
ব্যারিস্টার হক শুনানিতে বলেন, "কেবল স্বাস্থ্যগত কারণে শেখ হাসিনা জামিন চাচ্ছেন। আপিল বিভাগের মইজুদ্দিন শিকদার ও মীর হেলাল মামলার রায় অনুযায়ী স্বাস্থ্যগত কারণে হাসিনাকে হাইকোর্ট জামিন দিতে পারে।"
তিনি আদালতকে জানান, শারীরিক অবস্থা বিবেচনায় শেখ হাসিনাকে চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি দিয়ে সরকার বিদেশে পাঠিয়েছে। নিম্ন আদালতও তাকে হাজিরা থেকে অব্যাহতি দিয়েছে। প্যারোলে থাকাকালীন হাইকোর্ট আজম জে চৌধুরি মামলায় হাসিনাকে জামিন দিয়েছে। নিম্ন আদালতও এই জামিননামা গ্রহণ করেছে।
মীর হেলালের মামলায় কোন কারণে আপিল বিভাগ জামিন দিয়েছিল আদালত তা জানতে চাইলে ব্যারিস্টার হক বলেন, "স্বাস্থ্যগত কারণে অভিযুক্তের জীবন বিপন্ন হলে জামিন দেয়া যেতে পারে বলে আপিল বিভাগ নির্দেশনা দিয়েছিল।"
তিনি বলেন, "আগামীকাল (সোমবার) হাসিনার প্যারোলের মেয়াদ শেষ হচ্ছে। সরকার এখনো প্যারোলের মেয়াদ বাড়ায়নি।"
শেখ হাসিনার বর্তমান অবস্থা কী এবং তিনি কার অধীনে আছেন- আদালতের এই প্রশ্নের জবাবে রফিক উল হক বলেন, "উনি একটি অদ্ভুত অবস্থায় আছেন। এ ধরনের অবস্থা পৃথিবীতে কমই আছে।"
শেখ হাসিনার অপর কৌঁসুলি ব্যারিস্টার শফিক আহমেদ নাইকো দুর্নীতি মামলায় শেখ হাসিনার পক্ষে জামিন আবেদনের শুনানিতে অংশ নিয়ে বলেন, একই যুক্তিতে এই মামলায়ও হাসিনার জামিন চাচ্ছি।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী আব্দুল আজিজ খান জামিনের বিরোধিতা করে বলেন, "শেখ হাসিনার পক্ষে যে মেডিকেল রিপোর্ট জমা দেয়া হয়েছে, তা মার্চ মাসের। এখন অক্টোবর মাস; ওই রিপোর্টের ভিত্তিতে তাকে জামিন দেয়া যায় না।"
তিনি আরও বলেন, হাসিনা অসুস্থ নন। তার জীবন বিপন্নও নয়। তিনি সরকারি আদেশে দেশের বাইরে রয়েছেন। দেশে ফিরে যথাযথ কারণ দেখিয়ে তার জামিন চাওয়া উচিত।
বিচারাধীন অভিযুক্তকে সরকার প্যারোলে মুক্তি দিতে পারে কি না আদালতের এমন প্রশ্নের জবাবে সরকারের ডেপুটি এটর্নি জেনারেল মোহম্মদ আলী আকন্দ বলেন, ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী সরকারের এ ক্ষমতা রয়েছে।
শেখ হাসিনা দেশে ফিরে না আসলে তিনি পলাতক হিসেবে বিবেচিত হবেন বলে আদালতের প্রশ্নের জবাবে মোহম্মদ আলী আকন্দ জানান।
নাইকো ও ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলায় শেখ হাসিনার জামিনের আবেদনের ওপর শুনানি ৫ অক্টোবর হাইকোর্টে অনুষ্ঠিত হবে।
গত ৩০ সেপ্টেম্বর হাইকোর্টের একই বেঞ্চ শুনানির এই দিন ধার্য করেন।
গত ২২ সেপ্টেম্বর এ মামলা দুটিতে শেখ হাসিনার জামিনের আবেদন দায়ের করা হয়েছিল।
হাইকোর্টের একটি বেঞ্চ ২৩ সেপ্টেম্বর জামিনের আবেদন দুটি ফেরত দিলে ২৯ সেপ্টেম্বর বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বের বেঞ্চে তা নতুন করে দায়ের করা হয়।
দুদক গত বছরের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় শেখ হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলাটি দায়ের করে।
মামলায় ছাতক, কামতা ও ফেনী গ্যাস ক্ষেত্র কানাডীয় প্রতিষ্ঠান নাইকোকে 'অবৈধ পন্থায়' বিনা দরপত্রে দেওয়ায় রাষ্ট্রের ১৩ হাজার ৬ শ' ৩০ কোটি ৫০ লাখ টাকার আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়।
এ মামলায় এ বছর ৭ মে শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক।
বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে তিন কোটি টাকা ঘুষ নিয়ে বেসরকারি খাতে তিনটি ভাসমান বিদ্যুৎ প্রকল্প স্থাপনের কাজে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগে দুদক গত বছর ২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা দায়ের করে।
গত ১১ জানুয়ারি এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়।
বিএনপি চেয়ারপারসন, আরেক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার মন্ত্রী-কর্মকর্তাদের বিরুদ্ধেও নাইকো নিয়ে পৃথক মামলা হয়েছে।
এছাড়া ব্যবসায়ী নূর আলীর দায়ের করা চাঁদাবাজির মামলায় শেখ হাসিনার জামিনের আবেদন গত সোমবারই হাইকোর্টের অপর একটি বেঞ্চ খারিজ করে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/কিউএইচ/এসকে/এমএইচবি/১৭৫৮ ঘ.
bdnews24