২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্য গেলেন আমু, সুরঞ্জিত; যাচ্ছেন হাসিনাও

যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর এবং ইউরোপীয় কমিশনের আমন্ত্রণে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর দুই সদস্য আমির হোসেন আমু ও সুরঞ্জিত সেনগুপ্ত শনিবার লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রে অবস্থানরত শেখ হাসিনাও এ সপ্তাহে যুক্তরাজ্যে যাচ্ছেন বলে তার বিশেষ সহকারী জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2008, 11:44 AM

Updated : 26 Aug 2022, 02:27 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর এবং ইউরোপীয় কমিশনের আমন্ত্রণে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর দুই সদস্য আমির হোসেন আমু ও সুরঞ্জিত সেনগুপ্ত শনিবার লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রে অবস্থানরত শেখ হাসিনাও এ সপ্তাহে যুক্তরাজ্যে যাচ্ছেন বলে তার বিশেষ সহকারী জানিয়েছেন। আওয়ামী লীগ সভানেত্রীর বিশেষ সহকারী ড. হাসান মাহমুদ শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগামী ৬ তারিখে (৬ অক্টোবর) নেত্রীর (হাসিনা) লন্ডনে যাওয়ার কথা ছিলো। কিন্তু, ওই দিন তিনি যাচ্ছেন না। তিনি ৮ অক্টোবর লন্ডনে যাবেন বলে আমরা ধারণা করছি।" ড. হাসান জানান, শেখ হাসিনা লন্ডনে বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন। শনিবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর ও ইউরোপীয় কমিশনের আমন্ত্রণে আমির হোসেন আমু ও সুরঞ্জিত সেনগুপ্ত সকালে লন্ডন রওনা হন। দলের উপ-দপ্তর সম্পাদক বিএম মোজাম্মেল হক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই নেতা ৬ অক্টোবর যুক্তরাজ্যের এশিয়া বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী লর্ড মার্ক ম্যালোশ ব্রাউনের সঙ্গে দেখা করবেন। পরদিন তারা ব্রাসেলস যাবেন। সেখানে তারা ইউরোপীয় পার্লামেন্টের পররাষ্ট্র ও উন্নয়ন বিষয় সংসদীয় কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন। আমির হোসেন আমুর ব্যক্তিগত সহকারী এসএম মাহমুদ কিরণ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, আমু আগামী ১২ অক্টোব দেশে ফিরতে পারেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৭৩০ ঘ.