২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি জোড়া দিতে চান স্পিকার জমির উদ্দিন

বিএনপির দুই অংশের কাছ থেকে প্রস্তাব পেলে ঐক্যের বিষয়ে উদ্যোগ নিতে চান জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের তিনি বলেন, ''স্পিকার হিসেবে এ ব্যাপারে কিছু করার সুযোগ আমার নেই। তবে বিএনপির সদস্য হিসেবে আমি দুই অংশের কাছ থেকে, অর্থাৎ খোন্দকার দেলোয়ার হোসেন বা মেজর হাফিজ উদ্দিন আহমেদের তরফ থেকে প্রস্তাব পেলে ঐক্যের উদ্যোগ নিতে চাই।''

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2008, 02:26 PM

Updated : 26 Aug 2022, 01:18 PM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিএনপির দুই অংশের কাছ থেকে প্রস্তাব পেলে ঐক্যের বিষয়ে উদ্যোগ নিতে চান জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের তিনি বলেন, ''স্পিকার হিসেবে এ ব্যাপারে কিছু করার সুযোগ আমার নেই। তবে বিএনপির সদস্য হিসেবে আমি দুই অংশের কাছ থেকে, অর্থাৎ খোন্দকার দেলোয়ার হোসেন বা মেজর হাফিজ উদ্দিন আহমেদের তরফ থেকে প্রস্তাব পেলে ঐক্যের উদ্যোগ নিতে চাই।'' বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে খালেদা জিয়ার মা মরহুমা তৈয়বা মজুমদার স্মরণে এক মিলাদ মাহফিলে অংশ নেওয়ার পর স্পিকার সাংবাদিকদের এ কথা বলেন। দলের বিভাজন প্রসঙ্গে ব্যারিস্টার জমির উদ্দিন বলেন, ''বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। এতো বড় দলে মতবিরোধ থাকতেই পারে। কিন্তু আমার বিশ্বাস, নির্বাচনের তফসিল ঘোষণা হলে মতবিরোধ ভুলে দলের সবাই খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নেবে।'' বর্তমান সরকারকে একটি 'সাংবিধানিক সরকার' অভিহিত করে জমির উদ্দিন বলেন, ''সংবিধান মেনেই এ সরকার এসেছে।'' আগামী ডিসেম্বরের আগেই একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়ে স্পিকার বলেন, ''ভোটার তালিকার কাজ শেষ করতে এতো লম্বা সময় লাগার কথা নয়। দ্রুত নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর প্রয়োজন।'' এর আগে মিলাদ মাহফিলে খালেদা মনোনিত বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, ''তৈয়বা মজুমদারের মরদেহ ঢাকায় আনার পর কারাবন্দি খালেদা জিয়া ও তার দুই ছেলের মধ্যে দেখা হতে না দেওয়ার ঘটনা বেদনাদায়ক ও নির্দয়। এতে দেশের মানুষ আহত হয়েছে।'' খালেদা জিয়া, তারেক রহমান ও আরাফাত রহমানের আশু মুক্তি চেয়ে দোয়া করার জন্য দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। অন্যান্যের মধ্যে খালেদা জিয়ার ভাই সাঈদ এস্কান্দর, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, অধ্যাপক আবদুল মান্নান, মোহাম্মদ শাহজাহান, সেলিম রেজা হাবিব, অধ্যক্ষ সোহরাব উদ্দিন, শিরিন সুলতানাসহ দলের নেতা-কর্মীরা মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/এমএইচবি/১৯৫৯ ঘ.