২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমরা খুব বেশি সময় থাকব না: সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ বলেছেন, তারা ভাল কাজের যে ধারা শুরু করে দিয়ে যাচ্ছেন সেটা এগিয়ে নিতে পারলে দেশের আরও উন্নতি হবে। তিনি বলেন, "আমরা খুব বেশি সময় থাকব না। কিন্তু ছোট আকারে হলেও ভাল কাজগুলো আমরা শুরু করে দিয়ে যাচ্ছি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2008, 11:01 AM

Updated : 26 Aug 2022, 01:18 PM

শেরপুর, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ বলেছেন, তারা ভাল কাজের যে ধারা শুরু করে দিয়ে যাচ্ছেন সেটা এগিয়ে নিতে পারলে দেশের আরও উন্নতি হবে। তিনি বলেন, "আমরা খুব বেশি সময় থাকব না। কিন্তু ছোট আকারে হলেও ভাল কাজগুলো আমরা শুরু করে দিয়ে যাচ্ছি। এ ধারা যদি অব্যাহত থাকে তাহলে দেশের আরও উন্নয়ন হবে। পরবর্তীতে জনপ্রতিনিধি, ব্যবসায়ী, প্রশাসনের কর্মকর্তা এলাকার মানুষ মিলে ভাল কাজের এ ধারাকে এগিয়ে নিতে পারবেন।" বৃহস্পতিবার সকালে শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের সৈকত গুচ্ছ গ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর আর্থিক সহায়তায় স্বনির্ভর ক্ষুদ্র দুগ্ধ খামার ও বায়োগ্যাস প্রকল্প উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে সেনাপ্রধান এ কথা বলেন। তিনি বলেন, "বাংলাদেশের অনেক সম্পদ আছে। সেটার সদ্ব্যবহার করতে পারলে আমাদের অভাব থাকবে না। অল্প সম্পদ ব্যবহার করেও যে আমরা অনেক কিছু করতে পারি তার একটি মডেল হল এই ক্ষুদ্র দুগ্ধখামার ও বায়োগ্যাস প্রকল্প। যেখানে কয়েকটি গাভী দিয়ে পুষ্টির চাহিদা মেটানো ছাড়াও বিদ্যুৎ ও সার পাওয়া যাচ্ছে এবং রান্নাও করা সম্ভব হচ্ছে।" কৃষকদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, "দেশে সারের কোন সংকট নেই। আপনারা কেউ সার মজুদ করবেন না। যতটুকু সার প্রয়োজন ততটুকুই জমিতে ব্যবহার করবেন। বেশি সারে জমির উর্বরতা নষ্ট হয়। পরিমিত সারে ফলন বাড়ে। সার নিয়ে দুশ্চিন্তার কোন কারণ নেই।" সেনা প্রধান বলেন, দেশে পর পর দুটি বন্যা এবং ঘূণিঝড় সিডরের কারণে ব্যাপক ক্ষতি হয়েছে। সেই ক্ষতি কাটিয়ে উঠতে সবাইকে একযোগে কাজ করে যেতে হবে। এ জন্যে চলতি বোরো মৌসুমে এক ইঞ্চি জমিও অনাবাদী রাখা যাবে না। কৃষকদের সার-তেল-বিদ্যুৎ নিশ্চিত করার দায়িত্ব সরকারের। এ জন্যে এবছর দেশের ৬৪টি জেলা সদরে সারের মজুদ গড়ে তোলা হয়েছে। বিদেশ থেকেও সার আমদানি করা হচ্ছে বলে তিনি জানান। সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধন করা ছাড়াও সৈকত শুচ্ছ গ্রামের নদীভাঙনে সর্বস্ব হারা ২০টি পরিবারের মাঝে ২৪টি গাভী এবং ৩০০ দু:স্থ মানুষের মাঝে রেডক্রিসেন্টের কম্বল ও ত্রাণসামগ্রী বিতরণ করেন। স্বনির্ভর ক্ষুদ্র দুগ্ধ খামারের মাধ্যমে ২০টি পরিবার সমবায় ভিত্তিতে স্বাবলম্বী হবে। এছাড়া বায়োগ্যাস প্ল্যান্ট থেকে ১০০টি দরিদ্র পরিবার প্রায় ৪/৫ ঘন্টা বিরামহীনভাবে বিদ্যুৎ সুবিধা পাবে এবং নূন্যতম ৩০টি পরিবার রান্নার জন্য জ্বালানি গ্যাস সহায়তা পাবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শেরপুরের জেলা প্রশাসক সামছুন্নাহার বেগম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মুজাহিদ উদ্দিন, ৩০৯ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবু মুসা শারফ্ উদ্দিন, শেরপুর সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুজিবসহ প্রশাসনের কর্মকর্তারা। সেনাপ্রধান মইন উ আহমেদ ঘন কুয়াশার কারণে দেড় ঘন্টা বিলম্বে হেলিকপ্টারযোগে সকাল ১০টা ৪০ মিনিটে ব্রক্ষপুত্র নদের চরে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করেন। শেরপুরের সৈকত শুচ্ছ গ্রামে কর্মসূচি শেষ করে ঘাটাইল ক্যান্টমেন্টের উদ্দেশে রওনা দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/জিএনএ/১৬০০ ঘ.