ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিএনপি নেতা হান্নান শাহ ও তারেক রহমানের আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা দু'টি রিট আবেদনের ওপর হাইকোর্ট শুনানি গ্রহণ শেষ করেছে। আদালত আগামী ৩০ জানুয়ারি রিট দু'টির ওপর রায় দেবে।
রোববার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মামনুন রহমানের হাইকোর্ট বেঞ্চ শুনানি গ্রহণ শেষ করে রায় দেওয়ার এই তারিখ ধার্য করে।
তারেক ও হান্নান শাহর পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিক উল হক। তাকে সহায়তা করেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ও ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম।
সরকারপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুবিনা আসাফ।
গতবছর ৭ মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। এরপর ১৩ এপ্রিল তাকে বিশেষ ক্ষমতা আইনে আটকাদেশ দেয় সরকার।
আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে তারেক রহমানের পক্ষে গত ২ ডিসেম্বর হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়। ওইদিনই আদালত তারেক রহমানের আটকাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবেনা তার কারণ জানতে চেয়ে সরকারের প্রতি রুলনিশি জারি করেন।
অন্যদিকে গত ৭ নভেম্বর রাতে আসম হান্নান শাহকে গ্রেফতার করে পুলিশ। তাকে বিশেষ ক্ষমতা আইনে গত ২৫ নভেম্বর আটকাদেশ দেয় সরকার। তার পক্ষেও গত ২ ডিসেম্বর এই আটকাদেশের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়। ওইদিনই আদালত হান্নান শাহর আটকাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবেনা তার কারণ জানতে চেয়ে সরকারের প্রতি রুলনিশি জারি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৮৫৭ঘ.
bdnews24