ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবসায়ী আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজির মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ হবে আগামী ৩০ ও ৩১ জানুয়ারি।
ঢাকার মহানগর দায়রা জজ মো.আজিজুল হক রোববার সাক্ষ্য গ্রহণের এ তারিখ নির্ধারণ করেন। সংসদ ভবন এলাকায় মহানগর জজ আদালতের বিশেষ এজলাস বসিয়ে এ মামলার বিচার কাজ চলছে। তবে রোববার বিচারক পুরনো ঢাকায় মহানগর জজ আদালতের নিয়মিত এজলাসে বসেই মামলার পরবর্তী তারিখ ধার্য করেন।
এর আগে গত ১৭ জানুয়ারি হাইকোর্ট স্থগিতাদেশ দিলে এ মামলার কার্যক্রম বন্ধ থাকে। পরে গত বৃহস্পতিবার আপিল বিভাগ হাইকোর্টের ওই আদেশ স্থগিত করে। আপিল বিভাগের ওই আদেশের পর মামলার বিচার কাজ শুরু হচ্ছে।
প্রায় তিন কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ এনে গত বছরের ১৩ জুন ব্যবসায়ী আজম জে চৌধুরী গুলশান থানায় মামলাটি দায়ের করেন। ওই বছরের ১৬ জুলাই এ মামলায় শেখ হাসিনাকে আটক করা হয়। তখন মামলাটি জরুরি বিধিমালায় অন্তর্ভুক্ত করে সরকার।
মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে শেখ হাসিনা ২৩ জানুয়ারি হাইকোর্টে রিট আবেদন করেন। তা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
চাঁদাবাজির এ মামলা দায়েরের সময় শেখ হাসিনা ও তার ফুপাতো ভাই শেখ সেলিমকে আসামি করা হলেও গত বছরের ২৪ জুলাই আদালতে দাখিল করা অভিযোগপত্রে হাসিনার বোন শেখ রেহানাকেও আসামি করা হয়।
গত ১৩ জানুয়ারি তাদের তিন জনের বিরুদ্ধে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে মামলার অভিযোগ গঠন হয়।
শেখ হাসিনা ও শেখ সেলিম গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। প্রবাসী শেখ রেহানাকে এ মামলায় পলাতক দেখানো হয়েছে।
এদিকে মামলার বাদি আজম জে চৌধুরী গত বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, তিনি শেখ হাসিনার বিরুদ্ধে সরাসরি মামলা করেননি। তিনি মামলা করেছিলেন শেখ সেলিমের বিরুদ্ধে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএইচডি/এমআই/এমএ/১২২৫ঘ.
bdnews24