২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি আইনে মামলা নিয়ে হাসিনার রিটের চূড়ান্ত শুনানি শুরু

শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবসায়ী আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজির মামলা জরুরি ক্ষমতা আইনে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের ওপর হাইকোর্টে চুড়ান্ত শুনানি শুরু হয়েছে। বুধবার বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি শহীদুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রিটটির ওপর পূর্ণাঙ্গ শুনানি গ্রহণ শুরু করে। (তারিখ সংশোধিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2008, 09:37 AM

Updated : 26 Aug 2022, 01:15 PM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবসায়ী আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজির মামলা জরুরি ক্ষমতা আইনে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের ওপর হাইকোর্টে চুড়ান্ত শুনানি শুরু হয়েছে। (তারিখ সংশোধিত) বুধবার বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি শহীদুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রিটটির ওপর পূর্ণাঙ্গ শুনানি গ্রহণ শুরু করে। শুনানিতে অংশ নিয়ে আওয়ামী লীগ সভানেত্রীর পক্ষে ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, ব্যবসায়ী আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজির মামলাটির ঘটনা জরুরি আইন জারির অনেক আগের। কিন্তু তার বিরুদ্ধে এ মামলাটি দায়ের করা হয়েছে দেশে জরুরি অবস্থা জারির পর। তিনি বলেন, জরুরি ক্ষমতা অধ্যাদেশ গত বছর ১২ জানুয়ারি জারি করা হয়েছে। এ আইনটি তখন থেকে কার্যকর হয়েছে। এর আগের ঘটনার ক্ষেত্রে এ আইন কার্যকর হবেনা। ব্যারিস্টার শফিক আহমেদ আরও বলেন, অতীতের কোন ঘটনার ক্ষেত্রে জরুরি ক্ষমতা আইনের প্রয়োগ সংবিধান ও জরুরি ক্ষমতা অধ্যাদেশ পরিপন্থী। এ প্রসঙ্গে তিনি সংবিধানের প্রস্তাবনা, অনুচ্ছেদ ৭ ও ২৬ আদালতে উপস্থাপন করেন। হাইকোর্ট গত ১৭ জানুয়ারি শেখ হাসিনার আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটির বৈধতার প্রশ্নে ইতোপূর্বে জারি করা রুলনিশির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার বিচার কার্যক্রম স্থগিত করেন। হাইকোর্টের এই আদেশ স্থগিতের জন্য সরকার আবেদন জানায় গত ২১ জানুয়ারি। ওইদিন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোঃ আবদুল মতিন হাইকোর্টের আদেশ স্থগিত করেননি। এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য তিনি ২৪ জানুয়ারি তারিখ ধার্য করেন। তাই মহানগর দায়রা জজ আদালতে মামলাটির বিচার কার্যক্রম এখন বন্ধ রয়েছে। গত ১৩ জুন ব্যবসায়ী আজম জে চৌধুরী প্রায় তিন কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ সেলিমের বিরুদ্ধে গুলশান থানায় মামলাটি দায়ের করেন। শেখ হাসিনাকে গতবছর ১৬ জুলাই আটক করা হয়। ওইদিনই এ মামলাটি জরুরি ক্ষমতা আইনে অন্তর্ভূক্ত করে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত ২৪ জুলাই এ মামলায় শেখ হাসিনা তার ফুপাতো ভাই শেখ সেলিম ও বোন শেখ রেহানার বিরুদ্ধে অভিযোগপত্র গঠন করা হয়। ১৩ জানুয়ারি এ মামলায় মহানগর দায়রা জজ আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এর আগে এ মামলাটি জরুরি ক্ষমতা আইনে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে শেখ হাসিনার রিটের পরিপ্রেক্ষিতে ৩০ জুলাই প্রথমবারের মতো মামলার কার্যক্রম স্থগিত করে দিয়েছিল আদালত। তবে সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৭ আগস্ট সুপ্রিম কোর্ট হাইকোর্টের আদেশ স্থগিত করে মূল রিটের নিষ্পত্তির উদ্যোগ নিতে উভয়পক্ষকে নির্দেশ দিয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৫২৫ঘ.