ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --ছবিসহ ভোটার তালিকা একটি পূর্ণাঙ্গ উদ্যোগ হবে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা বলেছেন, এবার তালিকা নিয়ে বিতর্কের কোনো অবকাশ থাকবে না।
বুধবার সকালে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সস্ত্রীক ভোটার তালিকাভুক্ত হওয়ার সময় সিইসি শামসুল হুদা সাংবাদিকদের এ কথা বলেন।
সিইসি এসময় বলেন, "কোনো বাধাই নির্বাচনকে ব্যাহত করতে পারবে না। এর আগে ভোটার তালিকা নিয়ে নানা অপবাদ থাকলেও এবার ছবিসহ ভোটার তালিকা নিয়ে প্রশ্ন করার সুযোগ থাকবে না।"
তিনি আরো বলেন, "এবারের ছবিসহ ভোটার তালিকা হবে পূর্ণাঙ্গ। এ নিয়ে বিতর্কের কোনো অবকাশ থাকবে না। সুষ্ঠু ভোটার তালিকায় সুষ্ঠু নির্বাচনই আমাদের লক্ষ্য।"
অতীতের মতো এবারও নির্বাচনী আসন সীমানা পুনর্নির্ধারণ নিয়ে কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে মামলা-মোকদ্দমায় জড়িয়ে পড়তে যাচ্ছে কী না, তা জানতে চাইলে শামসুল হুদা বলেন, "তেমনটি আশঙ্কা করছি না। তবে মামলা হলে আমরা বিকল্প চিন্তা করে রেখেছি।"
কমিশনের এই 'বিকল্প চিন্তাটি' কি, সিইসি তার কোনো ব্যাখ্যা দেননি। পরে তিনি ওই নিবন্ধন কেন্দ্রে ভোটার তালিকা তৈরির অগ্রগতির খোঁজখবর নেন।
এক পর্যায়ে ভোটার তালিকায় নিবন্ধিত হতে উপস্থিত হন সাবেক উপদেষ্টা রেগুলেটরী রিফর্মস কমিশন চেয়ারম্যান আকবর আলি খান। তিনি সাংবাদিকদের বলেন, "ছবিসহ ভোটার তালিকা হচ্ছে একটি আধুনিক পদ্ধতি। আর আধুনিক পদ্ধতিতে ভোটার তালিকা হলে এই তালিকা হবে ত্র"টিবিহীন।"
আকবর আলি খান যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপ নির্বাচন কমিশনার বিশ্বাস লুৎফর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/১৩২২ ঘ.
bdnews24