ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শনিবার সকালে দলীয় নেতা-কর্মীরা ফুল দিয়ে তার ৭২তম জন্মবার্ষিকী পালন করেছে। তার প্রতিষ্ঠিত দল বিএনপির দুই অংশই শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুল দেওয়ার পৃথক কর্মসূচি নিয়েছে।
তবে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মা তৈয়বা মজুমদারের মৃত্যুতে পূর্ব নির্ধারিত আলোচনা সভার কর্মসূচি দলের দুই অংশই বাতিল করেছে।
দেলোয়ারপন্থী অংশ সকাল সাড়ে ১০টায় জিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণ করে। এতে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, রিজভী আহমেদসহ কেন্দ্রীয় নেতারা কর্মীদের নিয়ে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সংস্কারপন্থী অংশের অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ, জেড এ খান, ফজলুল আজিম, শাহ মো. আবুল হোসাইন, নাজির হোসেন, মনির হোসেন, আলী আক্কাস নাদিম, ফিরোজ খানসহ নেতাকর্মীরা দুপুর সাড়ে ১২টায় জিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণ করে।
প্রয়াত জিয়াউর রহমানের স্ত্রী দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও তার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান বর্তমানে কারাবন্দী।
জিয়াউর রহমান ১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলী থানার বাগবাড়ি গ্রামে জন্ম গ্রহণ করেন। ৬৫ সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দিয়ে দুই বছর পর কমিশন পান। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য সরকার তাকে 'বীরউত্তম' উপাধি দেয়। পরবর্তী সময়ে তিনি সেনাবাহিনী প্রধান ও দেশের রাষ্ট্রপতি হয়েছিলেন। ৭১ সালের ২৭ মার্চ জিয়াউর রহমান কালুরঘাটে স্থাপিত অস্থায়ী স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন।
১৯৮১ সালে চট্টগ্রাম সার্কিট হাউজে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে নিহত হন জিয়াউর রহমান। জিয়া ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএআর/জিএনএ/এমএ/১৯০৯ ঘ.
bdnews24