২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরিককে ছিনিয়ে নিতে চাইছেন এরশাদ, অভিযোগ বিদিশার

শিশুপুত্র এরিককে (৬) নিয়ে এরশাদ-বিদিশার দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। বিদিশা শুক্রবার সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন, এরশাদ তার ছেলেকে 'ছিনিয়ে নেয়ার জন্য' নানাভাবে তাদের হেনস্তা করছেন। অন্যদিকে এরশাদের একজন মুখপাত্র দাবি করেছেন, এসব অভিযোগ 'মিথ্যা ও বানোয়াট'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2008, 02:13 PM

Updated : 26 Aug 2022, 01:13 PM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শিশুপুত্র এরিককে (৬) নিয়ে এরশাদ-বিদিশার দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। বিদিশা শুক্রবার সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন, এরশাদ তার ছেলেকে 'ছিনিয়ে নেয়ার জন্য' নানাভাবে তাদের হেনস্তা করছেন। অন্যদিকে এরশাদের একজন মুখপাত্র দাবি করেছেন, এসব অভিযোগ 'মিথ্যা ও বানোয়াট'। শুক্রবার বিকেলে রাজধানীর বারিধারায় প্রেসিডেন্টস পার্কে নিজের ফ্ল্যাটে সংবাদ সম্মেলন করে সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন তার সাবেক স্ত্রী বিদিশা। জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান এরশাদও ওই ভবনেই থাকেন। এরশাদই ওই ফ্ল্যাটটি বিদিশাকে উপহার দিয়েছিলেন। বিদিশা সাংবাদিকদের বলেন, "গত এক সপ্তাহ ধরে আমি গৃহবন্দি হয়ে আছি। এরশাদ সব সময় তার গুণ্ডা বাহিনীকে বাসার নিচে বসিয়ে রেখেছে। তাদের ভয়ে আমার বাসায় কোনো আত্মীয়-স্বজন আসতে পারছে না। কাজের লোকদেরও আটকে দেয় হচ্ছে। বাজার-সদাই বন্ধ হয়ে গেছে। এরিকের স্কুলে যাওয়াও বন্ধ রয়েছে। আমি আমার জীবনের নিরাপত্তা চাই।" বিদিশা আরও অভিযোগ করে বলেন, "২০০৫ সালে আমার বিরুদ্ধে দায়ের করা সব মামলা খারিজ হয়ে যাওয়ায় এরশাদ এখন মরিয়া হয়ে উঠেছে। আমার সঙ্গে তার তালাক হওয়ার পর আমরা একটি জেন্টলম্যান এগ্রিমেন্ট করি। এরিক সাত দিন আমার কাছে এবং পরের সাত দিন এরশাদের কাছে থাকবে এমনটাই ঠিক হয়। কিন্তু সে নিজেই এই চুক্তি ভঙ্গ করছে। যখন তখন এরিককে নিজের কাছে নিয়ে রাখছে। এরিককে নিয়ে ওমরাহ করে আসার পর তার পাসপোর্টও আটকে রেখেছে। এ কারণে দেশের বাইরে গিয়ে এরিকের চিকিৎসা করানো যাচ্ছে না।" বিদিশা জানান, গত বুধবার এসব বিষয়ে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি। শিগগিরই এ ব্যাপারে আদালতের আশ্রয় নেবেন বলেও জানান তিনি। এরিকের ওপর এরশাদের কোনো আইনগত অধিকার আছে কি না জানতে চাইলে বিদিশা বলেন, "আইন যদি বলে এরিককে এরশাদই পাবে, আমি তা মেনে নেব। কিন্তু একজন ৮০ বছরের বৃদ্ধ একটি প্রতিবন্ধী শিশুর দেখভাল করবে কীভাবে? তাছাড়া নাবালক শিশুর ওপরে মায়ের অধিকার থাকে, বাবার নয়।" বিদিশার অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে এরশাদের মুখপাত্র সুনীল শুভ রায় টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান এইচএম এরশাদের রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার জন্যই এসব মিথ্যা ও বানোয়াট অভিযোগ তোলা হয়েছে।" তিনি পাল্টা অভিযোগ করেন, "এরশাদপুত্র এরিককে গত ১৫ দিন ধরে জোর করে আটকে রাখা হয়েছে। তাকে কোথায়, কীভাবে রাখা হয়েছে এরশাদ তা জানেন না। এ ঘটনায় তিনি ভেঙে পড়েছেন; কথা বলতে পারছেন না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/জেকে/এমএ/২০০০ঘ.