ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষক-ছাত্রদের মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালো পতাকা উত্তোলন ও ছাত্র-শিক্ষকদের কর্মসূচি অব্যাহত রয়েছে। শুক্রবার বন্ধের দিনও অপরাজেয় বাংলা ও কলা ভবনে কালো পতাকা উত্তোলন করা হয়।
শুক্রবার বিকেলে ছাত্ররা মধুর কেন্টিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তি কর্মসূচি ঘোষণা করবে।
ছাত্র ইউনিয়নের সভাপতি শামসুল আলম সজ্জন শুক্রবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেল তিনটায় মধুর কেন্টিনে পরবর্তি কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে ঢাকার মহানগর ও দ্রুতবিচার হাকিম হাবিবুর রহমান সিদ্দিকীর আদালতে কারাবন্দীদের বিরুদ্ধে শাহবাগ থানায় করা জরুরি আইন ভঙ্গের মামলায় রায় ঘোষণা করবেন সোমবার।
২০০৭ সালের ২১ ও ২২ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ -- সংঘর্ষের পর শাহবাগ থানায় ওই মামলাটি দায়ের করা হয়।
বৃহস্পতিবার সকাল থেকেই ঢাবির ছাত্র - শিক্ষকরা নতুন করে সাতদিনের অন্দোলন কর্মসূচি শুরু করেছে।
'ছাত্রবন্ধু'র ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী অপরাজেয় বাংলার পাদদেশ থেকে একটি মৌন মিছিল বের করে।
বুধবার কারাবন্দি শিক্ষক-ছাত্রদের নিঃশর্ত মুক্তির দাবিতে ৫ দফা কর্মসূচি ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক। এর মধ্যে রয়েছে, দুটি অনুষদে ২০০৭-০৮ শিক্ষাবর্ষের দুই ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত রাখা; ২৩ জানুয়ারি অভিভাকদের নিয়ে সংহতি সমাবেশে ছাত্র-শিক্ষক নির্যাতনের কাহিনী প্রকাশ এবং বৃহস্পতিবার থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত কালো ব্যাজ ধারণ ও কলাভবনে কালো পতাকা প্রদর্শন।
বুধবার শিক্ষক সমিতির জরুরি তলবি সভা আহ্বান করে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা সভায় ৬৩ জন শিক্ষক উপস্থিত ছিলেন। তবে এই সভাকে অবৈধ ঘোষণা করে বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকরা যোগ দেননি। শুধু আওয়ামীপন্থী নীল ও বামপন্থী শিক্ষকরাই এতে অংশ নেন। তারা ২১ জানুয়ারি অপরাজেয় বাংলার পাদদেশে তিন ঘণ্টার প্রতীক অনশন পালনেরও ঘোষণা দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসএম/জিএনএ/১২৩৪ ঘ.
bdnews24