২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিক্টেটরদের ঠেকাতে নির্বাচনে অংশ নিন: দলের প্রতি হাসিনা

নির্বাচনের কোনো বিকল্প নেই-এ মন্তব্য করে নিজের দল আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে বলেছেন শেখ হাসিনা। তিনি আরো বলেছেন, 'ডিক্টেটররা যাতে ক্ষমতায় যেতে না পারে' সেজন্য নির্বাচনে যেতে হবে। বৃহস্পতিবার সংসদ ভবনে স্থাপিত মহানগর দায়রা জজ আদালতের বিশেষ এজলাসে আইনজীবীদের সঙ্গে কথা বলার সময় হাসিনা দলের উদ্দেশে বলেন, "আপনারা নির্বাচনে যান। নির্বাচনের কোনো বিকল্প নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2008, 01:12 PM

Updated : 26 Aug 2022, 01:13 PM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -নির্বাচনের কোনো বিকল্প নেই-এ মন্তব্য করে নিজের দল আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে বলেছেন শেখ হাসিনা। তিনি আরো বলেছেন, 'ডিক্টেটররা যাতে ক্ষমতায় যেতে না পারে' সেজন্য নির্বাচনে যেতে হবে। বৃহস্পতিবার সংসদ ভবনে স্থাপিত মহানগর দায়রা জজ আদালতের বিশেষ এজলাসে আইনজীবীদের সঙ্গে কথা বলার সময় হাসিনা দলের উদ্দেশে বলেন, "আপনারা নির্বাচনে যান। নির্বাচনের কোনো বিকল্প নেই। ডিক্টেটররা যেন ক্ষমতায় যেতে না পারে সেজন্যই নির্বাচনে অংশ নিতে হবে।" হাসিনা বলেন, "আমাকে চোর বানানো হয়েছে। চাঁদাবাজ বানানো হয়েছে। আর তাদের প্রস্তাব যদি আমি মেনে নেই, তাহলে তারা আমাকে মাথায় নিয়ে নাচবে।" দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান এ সময় সেখানে উপস্থিত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী হাসিনা বলেন, "আমি সারাজীবন ডিক্টেটরদের বিরুদ্ধে সংগ্রাম করেছি। এখনো করছি। আমাকে নানাভাবে ভয় দেখানো হচ্ছে। বাবা-মা-ভাইদের হারিয়েছি। আমার আর হারানোর কিছু নেই।" তিনি আরো বলেন, "একজন আইনজীবী ১০২ কোটি কালো টাকা সাদা করেছেন। এ খবর আমার কাছে আছে। সেই তিনি আবার কালো টাকার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেন কীভাবে?" আজম জাহাঙ্গীর চৌধুরীর দায়ের করা চাঁদাবাজি মামলায় শেখ হাসিনাকে সকালে আদালতে হাজির করা হয়। মামলার শুনানিতে হাসিনা অভিযোগ করেন, গত তিন মাস ধরে কোনো আত্মীয়-স্বজনকে তার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। তিনি বলেন, "গত তিন মাসে আমার সঙ্গে আত্মীয়-স্বজনদের দেখা করতে দেওয়া হয়নি। আইনজীবীদের সঙ্গে যা-ও দুয়েকবার কথা বলতে দেওয়া হয়েছে- সেখানেও গোয়েন্দা সংস্থার লোকজন আমার কথা রেকর্ড করেছে; আমি বারবার বলার পরও তারা আমার সামনে উপস্থিত থেকেছে।" তিনি এ ব্যাপারে আদালতের হস্তক্ষেপ প্রার্থনা করেন। পরে আদালত শেখ হাসিনা ও এ মামলার অপর আসামি শেখ সেলিমের সঙ্গে দেখা করতে দেওয়ার জন্য ২০ জন আইনজীবীর একটি তালিকা অনুমোদন করে এবং কারা কর্তৃপক্ষকে এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/এসকে/১৯০৭ঘ.