২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর ফাঁকির মামলায় ডিপজলের স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন

কর ফাঁকির মামলায় চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের স্ত্রী রোমানা মনোয়ারের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2008, 01:30 PM

Updated : 26 Aug 2022, 01:12 PM

ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--কর ফাঁকির মামলায় চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের স্ত্রী রোমানা মনোয়ারের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। মঙ্গলবার সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত-২ এর বিচারক অমর কুমার রায় এ অভিযোগ গঠন করেন। আগামী ২২ জানুয়ারি থেকে এ মামলায় সাক্ষ্য নেওয়ার দিন ধার্য করা হয়েছে। রাষ্ট্রপক্ষে ৭ জনকে সাক্ষী করা হয়েছে। রোমানা মনোয়ার বর্তমানে কারাগারে আটক রয়েছেন। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ কর কমিশনার আয়েশা সিদ্দিকী শেলী বাদি হয়ে রোমানার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, আসামি ৮২ লাখ ৫৫ হাজার ৬০০ টাকার সম্পত্তির তথ্য গোপন করে এর ওপর প্রযোজ্য ১৮ লাখ ৮০ হাজার ৫২৫ টাকার কর ফাঁকি দিয়েছেন। গত বছরের ২৯ নভেম্বর একই আদালত কর ফাঁকির অপরাধে ডিপজলকে আট বছরের কারাদণ্ড দেয়। এর আগে ২০ আগস্ট এক অস্ত্র মামলায় ডিপজল এবং রোমানা মনোয়ারকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও ২৬ জুলাই অবৈধ অস্ত্র ও গুলি রাখার অপরাধে ডিপজলকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/১৯২৪ঘ.