২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনাসহ তিনজন চাঁদাবাজিতে অভিযুক্ত

ব্যবসায়ী আজম জে চৌধুরীর করা চাঁদাবাজির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানা ও ফুফাতো ভাই ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। রোববার মহানগর দায়রা জজ মো. আজিজুল হক এ অভিযোগ গঠন করেন। ১৭ জানুয়ারি থেকে মামলার সাক্ষ্য গ্রহণ করা হবে। হাসিনার আইনজীবীরা উচ্চ আদালতে রিট করবেন বলে জানিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন প্রদীপ চৌধুরী। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2008, 04:52 AM

Updated : 26 Aug 2022, 01:12 PM

ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ী আজম জে চৌধুরীর করা চাঁদাবাজির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানা ও ফুফাতো ভাই ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। রোববার মহানগর দায়রা জজ মো. আজিজুল হক এ অভিযোগ গঠন করেন। ১৭ জানুয়ারি থেকে মামলার সাক্ষ্য গ্রহণ করা হবে। হাসিনার আইনজীবীরা উচ্চ আদালতে রিট করবেন বলে জানিয়েছেন। এজন্য তারা ২১ দিন আদালত মুলতুবি রাখার আবেদন করেন। আদালত এ আবেদন নাকচ করে দেন। রোববার শেখ হাসিনাকে সকাল সাড়ে ৯টায় এবং শেখ সেলিমকে সোয়া ৯টায় আদালতে নেওয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন প্রদীপ চৌধুরী। (আরও তথ্যসহ) অভিযোগ গঠনের পর শেখ হাসিনার আইনজীবী ব্যারিস্টার সফিক আহমেদ সাংবাদিকদের বলেন, "আমরা এ মামলা থেকে শেখ হাসিনা ও শেখ সেলিমকে অব্যাহতি দেওয়ার আবেদন করেছিলাম। কিন্তু আদালত ওই আবেদন যুক্তিযুক্তভাবে নাকচ করেননি। এছাড়া আজ যে অভিযোগ গঠন করা হয়েছে তা আইনসঙ্গত ভাবে হয়নি। এই আদেশের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব।" সকাল ৯টা ৩৫ মিনিটে বিচারক তার আসনে বসেই হাসিনা ও সেলিমকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদনটি নাকচ করে দেন। এরপর শেখ হাসিনাকে তার বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শুনিয়ে বলেন, আপনি দোষী না নির্দোষ? জবাবে হাসিনা বলেন, "আমি সম্পূর্ণ নির্দোষ। আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে এ মামলা করা হয়েছে। ১৫ এবং ২১ আগস্ট আল্লাহ আমাকে বাঁচিয়েছে। এখন সরকার আমাকে জনগণের কাছে হেয় করতে এ মামলা দিয়েছে। এ বিচার সম্পূর্ণ অবৈধ।" সাবেক প্রধানমন্ত্রী আরও বলেন, "এটা ইন ক্যামেরা ট্রায়াল (রুদ্ধদ্বার বিচার)। সাংবিধানিকভাবে এ মামলা অবৈধ। আমাকে নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত রাখতে এই মামলা দায়ের হয়েছে।" শেখ হাসিনা বিচারকের উদ্দেশে বলেন, "বিচার বিভাগ স্বাধীন হলেও আপনি স্বাধীন নন। বিশেষ জায়গা থেকে আপনার ওপর অহি নাজিল হয়। আপনি তাদের কথার বাইরে কিছুই করতে পারবেন না।" হাসিনা আরও বলেন, "মিলিটারি ডিক্টেটর ক্ষমতায় আসুক- তাতে রাজি হইনি বলে আজকে আমার এ অবস্থা। গণতন্ত্রের জন্য আমি আজীবন সংগ্রাম করেছি। দেশবাসীকেও বলব ওই সংগ্রাম করতে। কারণ গণতন্ত্রের চেয়ে ভাল শাসন নাই।" এর আগে বিচারক শেখ সেলিমের বিরুদ্ধে আনা অভিযোগও পড়ে শুনিয়ে তাকে জিজ্ঞাস করেন আপনি দোষী না নির্দোষ? শেখ সেলিম বলেন, "আমি সম্পূর্ণ নির্দোষ। আমি কারো কাছ থেকে কোনো টাকা নেইনি। কোনো চেকও গ্রহণ করিনি। আমার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো প্রমাণ নেই।" তিনি আরও বলেন,"এই মামলা জরুরী বিধিমালার আওতাভুক্ত করে সংবিধান লংঘন করা হয়েছে। সংবিধানের ৩৫ ধারায় স্পষ্ট বলা আছে, যখন যে ঘটনা ঘটবে তার বিচার ওই সময়ের প্রচলিত আইনেই করতে হবে। কিন্তু ৮ বছর আগের একটি ঘটনার কথা উল্লেখ করে এখন বিচার করা হচ্ছে। যেটা আইনের দৃষ্টিতে অবৈধ।" শেখ সেলিম বলেন,"আমাকে ক্রসফায়ারের ভয় দেখানো হয়েছে। বৈদ্যুতিক শক দেওয়া হয়েছে। এছাড়া আরও নির্মম নির্যাতন চালিয়ে এই ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকারোক্তি নেওয়া হয়েছে। ওই নির্যাতন সরকারী আইনজীবীদের করা হলেও তারা বলতে বাধ্য হতেন,'প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ১/২ কোটি টাকা ঘুষ চেয়েছে।" তিনি আদালতকে বলেন, "আমি ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দি প্রত্যাহার করেছি। তারপরও সেটা প্রত্যাহার করা হয়নি। সংবিধানেই বলা আছে আসামিকে জোর করে জবানবন্দি দিতে বাধ্য করা যাবে না।" এ সময় একই কাঠগড়ায় থাকা শেখ হাসিনা সংবিধানের বিভিন্ন ধারার কথা শেখ সেলিমকে বলে দিচ্ছিলেন। অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে আপিল করার জন্য আসামি পক্ষের আইনজীবীরা আদালতের কাছে সময় আবেদন করেন। কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করে বলেন, ইতিমধ্যেই এ মামলার ২৯ কার্যদিবস শেষ হয়েছে। ৪৫ কার্যদিবসের মধ্যে বিচার কাজ শেষ করতেই হবে। যদিও বিচারক ইচ্ছে করলে আরও ৩০ দিন সময় বাড়াতে পারেন। কিন্তু আর সময় দেওয়া ঠিক হবে না। সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করার জন্য আমরা আদালতের কাছে আবেদন করছি। এ অবস্থায় আদালত সকাল সাড়ে ১০টার দিকে সাক্ষ্য নেওয়ার জন্য ১৭ জানুয়ারি দিন ধার্য করেন। শেখ হাসিনাকে রোববার আদালতে খুব হাসিখুশি দেখা গেছে। বেগুনি রঙের ওপর সাদা প্রিন্টের সুতি শাড়ি পড়ে এসেছিলেন তিনি। ভ্যানিটি ব্যাগ থেকে কিছু একটা বের করে বারবার খাচ্ছিলেন। আওয়ামী লীগের সংস্কারপন্থী নেতা সুরঞ্জিত সেনগুপ্তের সঙ্গে হেসে হেসে কথা বলে তার পিঠ চাপড়ে দেন তিনি। সুরঞ্জিত সেনও তখন শেখ হাসিনার কানে কানে কিছু কথা বলছিলেন। আদালতে শেখ হাসিনা ও শেখ সেলিমের পক্ষে আইনজীবীদের মধ্যে ছিলেন, "ব্যারিস্টার সফিক আহমেদ, সৈয়দ রেজাউর রহমান, গোলাম আরিফ টিপু, সাহারা খাতুন, ড. তৌফিক নেওয়াজ, অ্যাভোকেট আব্দুল হামিদ, ইউসুফ হোসেন হুমায়ূন প্রমুখ। অভিযোগ গঠন শেষে আদালতের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সফিক আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত ও মতিয়া চৌধুরী। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "শেখ হাসিনা আজীবন জনগণের জন্য সংগ্রাম করেছেন। তিনি আগামী মার্চ-এপ্রিলের মধ্যেই জাতীয় নির্বাচন দাবি করেছেন। দ্রব্যমূল্য বৃদ্ধির ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। প্রয়োজনে তাকে ছাড়াই নির্বাচনের বিষয়ে নিজ বক্তব্যে তিনি অটল আছেন। তিনি আরও বলেছেন, নির্বাচিত সরকার আসুক সাংবিধানিকধারা অব্যহত থাকুক এবং জনগণের অধিকার ফিরে পাক।" মতিয়া চৌধুরী বলেন, "আমরা আইনি লড়াইয়ের পাশাপাশি নিয়মতান্ত্রিক আন্দোলন করে যাব। শেখ হাসিনা জনগণের অধিকার প্রশ্নে কোনো দিন আপোষ করেনি। সাংবিধানিক ব্যবস্থার বিরুদ্ধে কোনো ব্যবস্থা তিনি মেনে নেবেন না।" তিনি আরও বলেন, "হাসিনাকে বলা হয়েছিল দেশে না ফিরলে মামলা হবে না। কিন্তু তিনি ফেরায় এখন মামলা হচ্ছে। এটা কী ধরনের কথা? জনগণও এখন বুঝতে পারছে আসলে কী হচ্ছে।" আদালতের বাইরে এ সময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন। হাসিনার মুক্তি দাবিতে তারা লিফলেট বিতরণ করেন। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে প্রায় তিন কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ব্যবসায়ী আজম জে চৌধুরী ২০০৭ সালের ১৩ জুন শেখ হাসিনা ও শেখ সেলিমের বিরুদ্ধে গুলশান থানায় মামলাটি করেন। শেখ হাসিনাকে ১৬ জুলাই আটক করার পর এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এর আগেই গ্রেপ্তার হন শেখ সেলিম। ১৮ নভেম্বর মামলাটি বিচারের জন্য অতিরিক্ত মুখ্য মহানগর আদালত থেকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়। ২৪ জুলাই আদালতে দেওয়া অভিযোগপত্রে শেখ রেহানাকেও এ মামলায় আসামি হিসেবে যুক্ত করা হয়। যুক্তরাজ্য প্রবাসী শেখ রেহানাকে অভিযোগপত্রে 'পলাতক' দেখানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এসএনডি/জিএনএ/১৬১৯ ঘ.