২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলেশ রিছিল বিচারবহির্ভুত হত্যাকাণ্ডের শিকার: আইরিন খান

টাঙ্গাইলের আদিবাসী নেতা চলেশ রিছিল বিচারবহির্ভুত হত্যাকাণ্ডের শিকার- দাবি করেছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব আইরিন খান। চলেশের মৃত্যুর ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন প্রকাশের জন্যও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2008, 11:56 AM

Updated : 11 Sep 2026, 02:26 PM

ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের আদিবাসী নেতা চলেশ রিছিল বিচারবহির্ভুত হত্যাকাণ্ডের শিকার- দাবি করেছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব আইরিন খান। চলেশের মৃত্যুর ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন প্রকাশের জন্যও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

বুধবার সন্ধ্যায় ধানমণ্ডির দৃক গ্যালারিতে সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি চলেশের মৃত্যু নিয়ে অ্যামনেস্টির পর্যবেক্ষণ তুলে ধরেন।

টাঙ্গাইলের মধুপুরের গারো নেতা চলেশ রিছিল (৪১) গত বছর ১৮ মার্চ যৌথবাহিনী হেফাজতে মারা যান। মধুপুরের ইকো-পার্ক প্রকল্পের বিরুদ্ধে গড়ে ওঠা আদিবাসী আন্দোলনের সংগঠক ছিলেন তিনি।

চলেশের মৃত্যুর কারণ 'হার্ট অ্যাটাক' দাবি করছে যৌথবাহিনী। তবে তার পরিবারের দাবি, নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে।

মতবিনিময় সভায় আইরিন খান বলেন, "চলেশ রিছিল নিঃসন্দেহে বিচারবহির্ভুত হত্যাকাণ্ডের শিকার। তার প্রতি সুবিচার করা হয়নি, অন্যায় করা হয়েছে।"

তিনি বলেন, "চলেশ রিছিলের বিষয়ে আমি এ দেশের সরকারের উচ্চ পর্যায়ে কথা বলেছি, চিঠি দিয়েছি। তার মৃত্যূর বিষয়ে গঠিত সরকারি তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ করা জরুরি।"

মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক আইনের প্রয়োগের বিষয়টি বাংলাদেশে বিভিন্ন সময়ে ক্ষমতায় আসা সরকারগুলোর কাছে পরিষ্কার হয়নি- মন্তব্য করেন আইরিন খান।

অ্যামনেস্টির মহাসচিব বলেন, "রাষ্ট্রীয় পর্যায়ে মৌলিক মানবাধিকারের ধারণা পরিবর্তন করতে হবে। নইলে গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়।"

মতবিনিময় সভায় ব্যারিস্টার সারা হোসেন, আদিবাসী নেতা সঞ্জিব দ্রং, সাংবাদিক জাহাঙ্গীর আলম আকাশ, টিপু সুলতান, অ্যামানেস্টির আসিফ সালেহ প্রমুখ বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন দৃক নিউজ প্রধান শহিদুল আলম।

আইরিন খান পরে যঃঃঢ়://ধসহবংঃু.ড়ৎম/নধহমষধফবংয ওয়েব সাইট উদ্বোধন করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ বিআর/এসএনডি/এমএইচবি/২২৪০ ঘ.