ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক মন্ত্রী এবং নবগঠিত প্রোগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) নেতা তাজুল ইসলাম চৌধুরী তার বিরুদ্ধে আনা যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করেছেন।
বুধবার দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তাজুল ইসলাম এ অভিযোগ অস্বীকার করেন।
মুক্তিযোদ্ধা আব্দুল হাই বীরপ্রতীক গত ৮ ডিসেম্বর কুড়িগ্রাম সদর থানায় তাজুল ইসলাম চৌধুরী এবং তার ছোট ভাই শফিকুল ইসলাম চৌধুরীকে দু'জন মুক্তিযোদ্ধাকে হত্যা, অগ্নিসংযোগ এবং মুক্তিযোদ্ধাদের অবস্থান পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে জানানোর জন্য দায়ী করে একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগটি জিডি হিসেবে গ্রহণ করে নথিভূক্ত করেছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তাজুল ইসলাম চৌধুরী বলেন, "আমার নামে আব্দুল হাই সরকার বীরপ্রতীক স্বাক্ষরিত যে জিডিটি করা হয়েছে তা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক। আমার রাজনৈতিক প্রতিপক্ষ এবং কুচক্রী মহল মুক্তিযুদ্ধে আমাদের পারিবারিক অংশগ্রহণ ও অবদানকে অবমূল্যায়ন করার চেষ্টা চালাচ্ছে।"
তিনি বলেন, "মহান মুক্তিযুদ্ধে আমি ব্যক্তিগত ও পারিবারিকভাবে সহযোগিতা করি। মুক্তিযুদ্ধ চলাকালে তদানীন্তন এমএনএ রিয়াজ উদ্দিন আহমেদ ভোলা মিয়া আমাকে কুড়িগ্রাম শহরের সবুজপাড়া চেকপোস্টের দায়িত্ব দেন। আর আমার পিতার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষে ৫ সদস্য বিশিষ্ট কমান্ড কাউন্সিল গঠিত হয়।"
মুক্তিযুদ্ধের সপক্ষে আরো কিছু তৎপরতার বিবরণ দিয়ে তাজুল ইসলাম দাবি করেন, তার ছোট ভাই চৌধুরী শফিকুল ইসলামই পাকিস্তানি পতাকা পুড়িয়ে কুড়িগ্রাম জেলায় প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন করেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে শফিকুল ইসলাম চৌধুরী, কুড়িগ্রাম সদর থানা মুক্তিযোদ্ধা কমান্ডের সহকারী কমান্ডার আব্দুল হক ব্যাপারী এবং তৎকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের আহ্বায়ক ড. জাহিদুল হোসেন প্রধান উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এসকে/২০৩০ঘ.
bdnews24