ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --পাঁচ উপদেষ্টার পদত্যাগ এবং নতুন পাঁচ উপদেষ্টার শপথ নির্বাচনের ওপর কোনো প্রভাব ফেলবে না বলে আশা প্রকাশ করেছে আওয়ামী লীগ। একইসঙ্গে সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার জন্যও আবারও আহবান জানিয়েছে দলটি।
বুধবার সন্ধ্যায় নতুন পাঁচ উপদেষ্টা শপথ নেওয়ার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান ওই আশাবাদ জানান। গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের এই প্রতিক্রিয়া দেন জিল্লুর রহমান।
তিনি বলেন,"নতুন উপদেষ্টারা শপথ নিয়েছেন। আশা করি, নির্বাচনের ওপর এটা কোনো প্রভাব ফেলবে না। দ্রুত নির্বাচনের জন্য এখন থেকেই সরকারকে প্রস্তুতি নিতে হবে।"
জিল্লুর আরো বলেন,"আওয়ামী লীগ নির্বাচনের জন্য প্রস্তুত। শেখ হাসিনাকে নিয়েই আওয়ামী লীগ নির্বাচনে যাবে। জনগণও নির্বাচনের দিকে তাকিয়ে আছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/১৯৪৯ঘ.
bdnews24