ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদাবাজির এক মামলায় তারেক রহমানকে এক দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
ঠিকাদার আফতাব উদ্দিনের দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার তারেককে রিমান্ডে পাঠান ঢাকার এক নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এহসানুল হক।
আদালতে তারেক রহমান অভিযোগ করেন, অন্য মামলায় রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় তাকে দৈহিকভাবে লাঞ্ছিত করা হয়েছে।
আদালতে তারেক রহমান বলেন, "অন্য একটি মামলায় রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় আমাকে চোখ বেঁধে থানায় না নিয়ে অন্য কোথাও নিয়ে যাওয়া হয়; সেখানে আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। আদালত এর আগে কারা কর্তৃপক্ষকে আমার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেও তা করা হচ্ছে না। আমি আদালতের কাছে জীবনের নিরাপত্তা চাচ্ছি।"
এর পরিপ্রেক্ষিতে আদালত রিমান্ডে তারেক সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্ত কর্মকর্তা ইমতিয়াজ এ কে ভূইয়াকে নির্দেশ দেন।
গুলশান থানার উপ-পরিদর্শক ইমতিয়াজ আদালতে সাত দিন রিমান্ডের আবেদন জানান। উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত তারেককে এক দিন রিমান্ডে নেওয়ার নির্দেশ দেয়।
১ কোটি ৩২ লাখ টাকা নেওয়ার অভিযোগ এনে রেজা কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক খান মো. আফতাব উদ্দিন গত ২৭ মার্চ গুলশান থানায় তারেক, তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনসহ সাত জনকে আসামি করে মামলাটি করেন।
মামুন ও মামলার অপর আসামি কামরুজ্জামান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছেন, তারা ওই চাঁদার টাকার বেশিরভাগ অর্থ তারেককে দিয়েছেন।
তাদের স্বীকারোক্তির পর তারেককে মামলাটিতে গ্রেপ্তার দেখানো হয়।
যৌথবাহিনীর সদস্যরা গত বছরের ৭ মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এমআই/১৭১০ ঘ.
bdnews24