ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনা, বোন শেখ রেহানা ও ফুপাতো ভাই শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে আজম জে চৌধুরীর চাঁদাবাজি মামলার শুনানি মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। এদিন আসামিপক্ষের আইনজীবীরা মামলা থেকে তাদের অব্যাহতি চান।
শেখ হাসিনা ও শেখ সেলিমকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে কি না- এ সংক্রান্ত আদেশ দেওয়া হবে আগামী ১৩ জানুয়ারি।
দুপুর ১টা ২০ মিনিটে মহানগর দায়রা জজ মো. আজিজুল হক আসামিদের অব্যাহতি প্রশ্নে উভয়পক্ষের শুনানি শেষে এ দিন ধার্য করেন।
এর আগে সকাল পৌনে ১০টার দিকে আদালতের কার্যক্রম শুরু হওয়ার কিছুক্ষণ পর শেখ সেলিমের পক্ষে অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান তার মক্কেলকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য বিভিন্ন যুক্তি আদালতের কাছে তুলে ধরেন।
আদালতকে তিনি বলেন, "ঘটনার প্রায় সাত বছরেরও বেশি সময় পরে এই মামলার এজাহার দায়ের করা হয়েছে। কিন্তু এ বিলম্বের কোনো কারণ দেখানো হয়নি।"
রেজাউর রহমান বলেন, "চাঁদা হিসেবে যে চেকগুলো দেওয়ার কথা বলা হয়েছে তা ছিল ক্যাশ চেক এবং ওই চেকে কোনো লেনদেন হয়নি। তাছাড়া, এজাহারে চাঁদা সম্পর্কে সুনির্দিষ্টভাবে কোনো কিছু বলা হয়নি।"
এরকম আরো কিছু যুক্তি তুলে ধরে তিনি বলেন, "এ মামলা উদ্দেশ্যমূলক, বানোয়াট ও মিথ্যা। সুতরাং অভিযোগ থেকে শেখ সেলিমকে অব্যাহতি দেওয়া হোক।"
পরে শেখ হাসিনার পক্ষে তার আইনজীবী গোলাম আরিফ টিপু, ব্যারিস্টার শফিক আহমেদ, ড. তৌফিক নেওয়াজ, ইউসুফ হোসেন হুমায়ূন এবং ফজলে নূর তাপস মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান।
দুপুর ১২টা পর্যন্ত তারা আদালতের কাছে যুক্তি তুলে ধরেন।
মহানগর দায়রা জজ মো. আজিজুল হক দুপুর ১২টায় পাঁচ মিনিটের জন্য আদালত মূলতবি করেন।
শেখ হাসিনার আইনজীবীরা আদালতকে বলেন, এ মামলার বাদী আজম জে চৌধুরীর সঙ্গে কোনো চুক্তি হয়নি। তিনি রাশিয়ান কোম্পানির স্থানীয় প্রতিনিধি। চুক্তি অনুযায়ী দেশের স্বার্থকেই গুরুত্ব দেওয়া হয়েছে এবং দেশ আর্থিকভাবে লাভবানও হয়েছে।
তারা বলেন, চুক্তিতে বলা আছে ২৮ মাসের মধ্যে কাজটি শেষ করতে হবে। এর আগে করলে ওই কোম্পানি বোনাস পাবে, না পারলে ক্ষতিপূরণ দিতে হবে তাদের। একইসঙ্গে প্রতিমাসে কাজের অগ্রগতির ভিডিও চিত্র এবং ছবি দেখাতে হবে। এখানে প্রধানমন্ত্রী প্রভাব খাতিয়ে কীভাবে কাজ দেরি করাবেন? কীভাবে কাজের বিল তুলতে প্রভাব বিস্তার করবেন?
আইনজীবীরা বলেন, গণভবনে গিয়ে শেখ সেলিম এক কোটি টাকা দিয়ে এসেছেন বলে যে অভিযোগ করা হয়েছে তা সঠিক নয়। কেননা গণভবনে যারা আসেন তাদের প্রত্যেকের সিসি ক্যামারায় ধারণ করে রাখা হয়। টাকা নিয়ে কেউ সেখানে ঢুকলে তার প্রমাণ অবশ্যই থাকতো।"
তারা আদালতকে বলেন, ২৪ অক্টোবর ঘটনার যে সময়ের কথা বলা হয়েছে তখন শেখ হাসিনা সেখানে উপস্থিত ছিলেন না। যে আলামতগুলো মামলায় উপস্থাপন করা হয়েছে তাতে অভিযোগ গঠন করার মতো কিছুই নেই।
এর জবাবে রাষ্ট্রপক্ষের প্রধান কৌসুলি এ বি এম শরফুদ্দিন আহমেদ খান মুকুল আদালতকে বলেন, "আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করার মত যথেষ্ট তথ্য প্রমাণ আমাদের হাতে আছে। অভিযোগ গঠন করার পরে আমরা তা আদালতের কাছে উপস্থাপন করব। তাই এ মামলায় অভিযোগ গঠন করা হোক।"
উভয়পক্ষের শুনানি শেষে দুপুর ১টা ২০ মিনিটে মো. আজিজুল হক আসামিদের অব্যাহতি প্রশ্নে ১৩ জানুয়ারি আদেশ দেওয়ার তারিখ নির্ধারণ করেন।
আদালতের অনুমতি নিয়ে শেখ হাসিনা তার আইনজীবীদের সঙ্গে কিছু সময় কথা বলেন।
সকাল ৯টা ৩৫ মিনিটে শেখ হাসিনাকে বিশেষ কারাগার থেকে সংসদ ভবনে স্থাপিত বিশেষ এজলাসে আনা হয়। এর আগে ৯টা ১৫ মিনিটে আদালতে হাজির করা হয় মামলার অপর আসামি হাসিনার ফুপাতো ভাই শেখ সেলিমকে।
অসুস্থ শেখ হাসিনাকে আদালতে হাজির করা যাবে কি না- তা নিয়ে তার আইনজীবীরা সংশয়ে ছিলেন। শেষ পর্যন্ত কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিশেষ কারাগার থেকে বিশেষ এজলাসে নিয়ে আসা হয় তাকে। এ সময় হাসিনাকে ক্লান্ত দেখাচ্ছিল। আদালত এলাকায় নিরাপত্তা বেষ্টনীতে দাঙ্গা পুলিশের কঠোর প্রহরা ছিল।
গত ৩১ ডিসেম্বর মামলার অভিযোগ গঠনের শুনানির সময় অসুস্থ হয়ে পড়েন শেখ হাসিনা। তখন তাকে এজলাস থেকে বিশেষ কারাগারে নিয়ে যাওয়া হয়। এরপর দু'দফা শুনানির তারিখে অসুস্থতার কারণে হাসিনাকে আদালতে হাজির করা হয়নি।
গত রোববার শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক সৈয়দ মোদাচ্ছের আলী, শাহলা খাতুন, প্রাণগোপাল দত্ত ও এ বি এম আবদুল
bdnews24