২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমরা চাই নেত্রী সুবিচারের মাধ্যমে মুক্তি পান: সাইফুর

আইনি প্রক্রিয়ার মাধ্যমেই খালেদা জিয়া মুক্তি পাবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা এম সাইফুর রহমান। সফররত ব্রিটিশ সাংসদ মার্গারেট অ্যান মেইনের সঙ্গে বৈঠকের সময় মঙ্গলবার স্থায়ী কমিটি মনোনীত ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুর রহমান এ আশা প্রকাশ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2008, 11:35 AM

Updated : 26 Aug 2022, 01:10 PM

ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইনি প্রক্রিয়ার মাধ্যমেই খালেদা জিয়া মুক্তি পাবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা এম সাইফুর রহমান। সফররত ব্রিটিশ সাংসদ মার্গারেট অ্যান মেইনের সঙ্গে বৈঠকের সময় মঙ্গলবার স্থায়ী কমিটি মনোনীত ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুর রহমান এ আশা প্রকাশ করেন। বৈঠকের বিষয়ে সাইফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তারা খালেদা জিয়ার মুক্তির বিষয়ে জানতে চেয়েছেন। আমি বলেছি, 'আমাদের নেত্রী আইনি প্রক্রিয়ায় মুক্তি পাবেন। তিনি আদালতে সুবিচার পাবেন বলে আমরা প্রত্যাশা করছি। আমরা চাই, নেত্রী সুবিচারের মাধ্যমে মুক্তি পান'।" সাইফুর রহমানের গুলশানের বাসায় দুপুরের ওই বৈঠকে যুক্তরাজ্যের হাউজ অফ কমন্সে রক্ষণশীল দলের সদস্য অ্যান মেইনের সঙ্গে লন্ডনের টাওয়ার হ্যামলেটের কাউন্সিলর জন টিমোথি আর্চারও উপস্থিত ছিলেন। বিএনপির স্থায়ী কমিটি মনোনীত অস্থায়ী মহাসচিব হাফিজ উদ্দিনও বৈঠকে ছিলেন। বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন কমিশন, খালেদা জিয়াসহ রাজনৈতিক বন্দিদের বিষয় নিয়ে আলাপ হয় বলে বিএনপি নেতারা জানান। হাফিজ উদ্দিন সাংবাদিকদের বলেন, "এটি সৌজন্য সাক্ষাৎ। দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় হয়েছে। নেত্রীর মুক্তি ও নির্বাচনের বিষয়ও আলোচনায় স্থান পায়।" এক প্রশ্নের জবাবে হাফিজ উদ্দিন বলেন, "নেত্রী বিদেশে যাবেন কিনা, তা তার ইচ্ছার ওপর নির্ভর করে। তার ইচ্ছার বাইরে কিছু হবে না।" ব্রিটিশ সাংসদ অ্যান মেইন গত রোববার বিএনপির খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/এসকে/১৬১০ঘ.