ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সম্পদের তথ্য গোপনের অভিযোগ বিএনপি জামায়াত জোট সরকারের বাণিজ্য উপদেষ্টা বরকতুল্লাহ বুলু, তার স্ত্রী ও এক ছেলের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।
এ ছাড়া কুমিল্লার পৌরসভার সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম সাক্কুর বিরুদ্ধেও একই অভিযোগে মামলা করেছে কমিশন। এতে সাক্কুর স্ত্রীকেও আসামি করা হয়েছে।
সোমবার দুটি মামলাই করা হয়েছে ঢাকার রমনা থানায়।
রমনা থানার উপপরিদর্শক মো. মাহমুদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুলুর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন কমিশনের সহকারি পরিচালক মঞ্জুরুল আলম।
এতে অভিযোগ করা হয়েছে, বুলু তার ঘোষিত আয়ের বাইরে প্রায় ৪ কোটি ৮৯ লাখ টাকার সম্পত্তির মালিক হয়েছেন এবং কমিশনে দেওয়া হিসাব বিবরণীতে প্রায় ৩ কোটি ৩২ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। আর এ কাজে তার স্ত্রী শামীমা আকতার ও ছেলে ওমর শরীফ মো. ইমরান শানিয়াত তাকে সহযোগিতা করেছেন।
মনিরুল ইসলাম সাক্কুর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন কমিশনের সহকারি পরিচালক শাহিন আরা মমতাজ।
মামলার এজাহারে বলা হয়, সাক্কু তার ঘোষিত আয়ের বাইরে প্রায় ৪ কোটি ২৪ লাখ টাকার সম্পত্তির মালিক হয়েছেন এবং কমিশনে দেওয়া হিসাব বিবরণীতে প্রায় ১ কোটি ২৮ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। তার স্ত্রী আফরোজা জেসমিন এ কাজে তাকে সহযোগিতা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/এমএইচবি/২২৩৫ ঘ.
bdnews24