ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংসদ কোটায় শুল্কমুক্ত গাড়ি এনে তা অন্যের কাছে বিক্রির অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির কথিত 'সংস্কারপন্থী' নেতা সাবেক হুইপ আশরাফ হোসেনসহ পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
এ মামলার অন্য আসামিরা হলেন- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, ওরিওন গ্র"পের চেয়ারম্যান ওবায়দুল করিম, হারিছ চৌধুরীর শ্যালক মাসুম আহমেদ মাসুদ ও তার গাড়ির চালক মো. আব্দুস ছালাম।
সোমবার বিশেষ জজ আদালত-৪ শামসুন্নাহার বেগম এ অভিযোগ গঠন করেন। আগামী ১০ জানুয়ারি এ মামলায় সাক্ষ্য নেওয়ার জন্য দিন ধার্য করা হয়েছে।
হারিছ চৌধুরী ও ওবায়দুল কাদেরকে এ মামলায় পলাতক দেখানো হয়েছে। ইতোমধ্যে তাদের দুজনের বিরুদ্ধে কয়েকটি মামলায় যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়েছে আদালত।
গত ২৮ ফেব্র"য়ারি রাজধানীর কলাবাগান স্টাফ কোয়ার্টার থেকে হারিছ চৌধুরীর বিলাসবহুল টয়োটা ইনফিনিটি মডেলের গাড়িসহ (ঢাকা-মেট্রো খ-১১-৬৫১৬) চালক আব্দুস ছালামকে গ্রেপ্তার করে র্যাব।
ওই দিন ধানমণ্ডি থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম বাদি হয়ে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এতে অভিযোগ করা হয়, আশরাফ হোসেন নিজের নামে শুল্কমুক্ত গাড়ি আমদানী করে তা ওবায়দুল করিমকে দেয়। পরে ওই গাড়ি ওবায়দুল করিম গুলিস্তান-যাত্রাবাড়ি ফ্লাইওভার নির্মাণ কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে হারিছ চৌধুরীকে 'উপহার' দেয়।
মামলায়ও আরও বলা হয়, আশরাফের নামে প্রকৃত পক্ষে গাড়িটি ওবায়দুল করিম নিজেই আমদানি করেন। এতে ওবায়দুল করিমের বাড়ির ঠিকানাও ব্যবহার করা হয়।
চলতি তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর হারিছ চৌধুরী গা-ঢাকা দিলে তার শ্যালক ও গাড়ির চালক সেটি বিক্রির চেষ্টা চালায় বলে এ মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএ/১৭৩৪ঘ.
bdnews24