ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ছাত্রলীগ থেকে বেরিয়ে আসা একদল সাবেক নেতাদের পুনর্মিলনী অনুষ্ঠান করতে দেয়নি পুলিশ ।
রোববার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে 'ছাত্র লীগের পুনর্মিলনী' শীর্ষক এ অনুষ্ঠানের এক পর্যায়ে সভা অনুষ্ঠানের অনুমতি না থাকার কারণ দেখিয়ে পুলিশ তা বন্ধ করে দেয়।
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) পুনর্মিলনী সভার আয়োজন করে। এতে বিএনপির শাহ মোয়াজ্জেম হোসেন, রাজিয়া ফয়েজ, জামায়াতের এম কামারুজ্জামান, জাতীয় গণতান্ত্রিক পার্টির শফিউল আলম প্রধান, বাংলাদেশ ডেমোক্রেটিক লীগের নাজিম উদ্দিন আল আজাদ, ন্যাশনাল পিপলস পার্টির শেখ শওকত হোসেন নিলু, খালেদা জিয়া মুক্তি পরিষদের অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শেখ শওকত হোসেন নিলু, অ্যাডভোকেট আবদুল মোমিন, খোন্দকার লুৎফর রহমান ও মোস্তাজিুর রহমান মোস্তফা বক্তব্য রাখার পর পুলিশ সভা কক্ষে প্রবেশ করে আয়োজকদের জানান, 'সভা অনুষ্ঠানের কোনো অনুমতি নেই'। এরপর আয়োজক শফিউল আলম প্রধান সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে সভা শেষ করে দেন।
শফিউল আলম প্রধান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''আমরা আগেই সভা করার অনুমতি চেয়ে পুলিশ কর্তৃপক্ষ বরাবর আবেদন করেছিলাম। কিন্তু তারা কোনো সভা করা যাবে না-এমনটিও আমাদের জানায়নি। অথচ একটি পুনর্মিলনী সভা এভাবে বন্ধ করে দেয়ায় আমরা দুঃখ পেয়েছি। আইনের প্রতি শ্রদ্ধাশীল বলে আমরা পুলিশের কথা অনুযায়ী সভা শেষ করে দিয়েছি।''
সাবেক মন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেন সাংবাদিকদের কাছে বলেন,'' এভাবে সভা বন্ধ করে দেয়া দুঃখজনক। আওয়ামী লীগের ছাত্রলীগ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে, সেখানে তো বাধা আসেনি। এখানে একটি পুনর্মিলনীতে কেনো পুলিশ বাধা দিলো তা বুঝতে পারছিনা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জিএনএ/১৩২৯ ঘ.
bdnews24