ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- সব ধরণের স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের ক্ষমতা চায় নির্বাচন কমিশন। একই সঙ্গে কমিশন চায় এ সব নির্বাচন সংক্রান্ত বিধি প্রনয়ণের ক্ষমতা। কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে শিগগিরই একটি সুপারিশ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। (সংশোধিত)
বৃহস্পতিবার বিকালে নির্বাচন কমিশনার এম. সাখাওয়াত হোসেন তার কার্যালয়ে সাংবাদিকদের এ সব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, "সিটি করপোরেশন, পৌরসভাসহ স্থানীয় নির্বাচন যেন নিজ উদ্যোগে করতে পারি সেজন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়কে এই সুপারিশ করতে যাচ্ছি।" সুপারিশে স্থানীয় সরকার নির্বাচনের বিধি প্রণয়ন করার ক্ষমতাও চাওয়া হয়েছে বলে কমিশনার জানান।
সুপারিশে আর কী কী বিষয় রয়েছে, তা জানতে চাইলে সাখাওয়াত হোসেন বলেন, "এতে জাতীয় সংসদ নির্বাচনের অনুরূপ আচরণবিধি স্থানীয় নির্বাচনেও প্রযোজ্য করার কথা বলা হয়েছে। তবে কিছু আচরণবিধি একেবারেই শুধুমাত্র সংসদ নির্বাচনের জন্য প্রযোজ্য হবে।"
এছাড়া সুপ্রিম কোর্ট এক রায়ে সংসদ নির্বাচনে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, আয়-ব্যয়ের উৎসসহ যে আটটি তথ্য প্রদান বাধ্যতামূলক করেছে, স্থানীয় নির্বাচনের প্রার্থীকেও যেন এসব তথ্য বাধ্যতামূলকভাবে দিতে হয়, কমিশনের পক্ষ থেকে এমন সুপারিশও করা হচ্ছে বলে জানালেন তিনি।
সাখাওয়াত হোসেন আরও জানান, এছাড়া তাদের সুপারিশে সংসদ নির্বাচনের মতো স্থানীয় নির্বাচনেও আদালত কর্তৃক শাস্তিপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা এবং প্রার্থীর নির্দলীয় ভূমিকা রাখতে তাকে কোনো দলের কেন্দ্রীয় বা জেলা পর্যায়ের কোনো পদে না থাকার কথা বলা হয়েছে।
স্থানীয় নির্বাচনে প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে বা নিজের সম্পর্কে ভুল তথ্য দিলে কমিশন কী ধরণের শাস্তির সুপারিশ করছে, তা জানতে চাইলে কমিশনার বলেন, "জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যে সব শাস্তির বিধান খসড়া নির্বাচনী আইনে রাখা হয়েছে, এ ক্ষেত্রে একই ধরণের শাস্তির সুপারিশ করা হচ্ছে। এতে তদন্ত সাপেক্ষ অর্থদণ্ড থেকে শুরু করে সর্বোচ্চ প্রার্থিতা বাতিলের মতো শাস্তির বিধান থাকছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/এসকে/১৭৩০ ঘ.
bdnews24