ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার জন্য অবিলম্বে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহবান জানিয়েছে আওয়ামী লীগ। দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বলেছেন, "সরকার এখনি বাস্তবসম্মত পদক্ষেপ না নিলে মানুষ না খেয়ে নির্ঘাত মারা যাবে।"
গুলশানে নিজ বাসায় মঙ্গলবার বিকেলে সিডর দূর্গতদের সাহায্যের জন্য যশোর ও বগুড়া জেলা আওয়ামী লীগের কাছ থেকে নগদ অর্থ গ্রহণের পর জিল্লুর রহমান এ কথা বলেন। আওয়ামী লীগের নতুন বছরের প্রত্যাশা হিসেবে জরুরি অবস্থা প্রত্যাহার এবং একটি সুষ্ঠু নির্বাচনের কথা বলেন তিনি।
ভারপ্রাপ্ত সভাপতি বলেন, "নতুন বছরে আমাদের প্রত্যাশা, হারানো গণতন্ত্র ফিরিয়ে দিতে জরুরি অবস্থা উঠিয়ে নেওয়া হোক। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এখনকার মতো ভালো অবস্থা দেশে আর কখনো ছিলো না। তা হলে জরুরি অবস্থার প্রয়োজন কি? জরুরি অবস্থা ওঠানোর পর সুষ্ঠুভাবে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে। জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পারলে আওয়ামী লীগ অবশ্যই ক্ষমতায় আসবে।"
তিনি বলেন, "আগামী দিনে চলার জন্য ও নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারকে আলোচনায় বসতে হবে।"
২০০৭ সাল সম্পর্কে তিনি বলেন, "পুরনো বছর ভালো ছিলো না। আওয়ামী লীগ সভানেত্রীকে গেল বছর গ্রেপ্তার করা হয়েছে। দেশের দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে ঘূর্ণিঝড় সিডর বয়ে গেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। গত বছর রাজনৈতিক দলগুলো সাংগঠনিক ক্ষমতা হারিয়েছে। জরুরি আইন জারি করে রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে।"
শেখ হাসিনার সুচিকিৎসার দাবি করে জিল্লুর রহমান বলেন, "ডাক্তাররা ওনাকে (শেখ হাসিনা) বিদেশে পাঠাতে বলেছে। বিদেশে না পাঠালে অন্তত ভালো চিকিৎসার ব্যবস্থা করুক।"
তিনি জানান, শেখ হাসিনা তাকে অসুস্থতার কথা জানিয়েছেন।
"রাজনৈতিক দলগুলো ঘরোয়া রাজনীতির নামে কি আন্দোলনের অনুমতি চাচ্ছে ?" আইন উপদেষ্টার এই বক্তব্য সম্পর্কে জিল্লুর রহমানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, "আল্লাহর কাছে দোয়া করি উনি (আইন উপদেষ্টা) প্রতিদিন টেলিভিশনে আসুক এবং বক্তব্য রাখুক।"
শেখ হাসিনার মুক্তির জন্য জরুরি অবস্থার মধ্যেই নিয়মতান্ত্রিক কর্মসূচি গ্রহণ করার জন্য আওয়ামী লীগের প্রতি ঢাকা মহানগর শাখা যে সুপারিশ করেছে সে বিষয়ে জানতে চাইলে তিনি জানান, তারা এখনো ঢাকা মহানগর আওয়ামী লীগের সুপারিশটি পাননি। সুপারিশটি পেলে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ নিয়মতান্ত্রিক ও সাংবিধানিক আন্দোলনে বিশ্বাসী।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গ্রেপ্তারের ঘটনাকে 'লজ্জাজনক' আখ্যায়িত করে জিল্লুর বলেন, "তারা ভাবছে (তত্ত্বাবধায়ক সরকার) রাজশাহীর মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও ক্ষমা চেয়ে বেরিয়ে আসবে। এবার এরকম নাও হতে পারে।"
সাংবাদিকদের সঙ্গে জিল্লুর রহমানের কথা বলার সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমদ, মতিয়া চৌধুরী, সৈয়দ আশরাফুল ইসলাম, আব্দুল মান্নান, মাহমুদুর রহমান মান্না, আকতারুজ্জামান, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ডা. দীপু মণি ও ড. হাসান মাহমুদ।
এরআগে সিডর দুর্গতদের জন্য বগুড়া জেলা আওয়ামী লীগ এক লাখ ৪০ হাজার টাকা এবং যশোর জেলা আওয়ামী লীগ ৪০ হাজার টাকা জিল্লুর রহমানের হাতে তুলে দেন। জেদ্দা বঙ্গবন্ধু পরিষদ পাঠিয়েছে ৫৪ হাজার টাকার চেক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচবি/১৯৪৮ ঘ.
bdnews24