২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কারের সুফল জনগণ বহুদিন পাবে: মইনুল

বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন সংস্কার কর্মসূূচির সুফল জনগণ বহুদিন ধরে পাবে বলে মন্তব্য করেছেন আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2008, 01:33 PM

Updated : 26 Aug 2022, 01:07 PM

ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন সংস্কার কর্মসূূচির সুফল জনগণ বহুদিন ধরে পাবে বলে মন্তব্য করেছেন আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। তিনি বলেছেন, "সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে সমাজের অন্যায় সুবিধাভোগীদের হয়তো অনেক বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। তবে বিভিন্ন ক্ষেত্রে আমরা যে সংস্কার করে যাচ্ছি, তার সুফল জনগণ বহুদিন ধরে পাবে।" 'বর্তমান সরকারের বর্ষপূর্তি : পরিবর্তনের এক বছর' শীর্ষক গণযোগাযোগ অধিদপ্তরের পক্ষকালব্যাপী গণউদ্বুদ্ধকরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা একথা বলেন। মঙ্গলবার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) মিলনায়তনে ওই অনুষ্ঠান হয়। মইনুল হোসেন বলেন, "বর্তমান সরকার অল্প সময়ে মৌলিক কিছু কাজ করে যেতে চায়। যা পরবর্তীকালে স্থায়ী অবদান রাখবে।" জনগণের আস্থা ও বিশ্বাসকে সমুন্নত রাখতে সুশীল সমাজ, গণমাধ্যম ও প্রশাসনসহ সবাইকে একযোগে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি। উপদেষ্টা বলেন, একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান, অর্থনীতির চাকা সচল রাখা এবং সন্ত্রাস-দুর্নীতি নির্মূলসহ একটি ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার অনুকূল পরিবেশ তৈরি করাই বর্তমান সরকারের অঙ্গীকার। এ অঙ্গীকার বাস্তবায়নে সংস্কার কার্যক্রম হাতে নেয়া হয়েছে। অনুষ্ঠানে ব্যরিস্টার মইনুল গত এক বছরে সরকারের নেওয়া বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংস্কার, সেবা খাতের উন্নয়ন, অর্থনৈতিক সংস্কার, খাদ্য মজুদ ও সরবরাহ পরিস্থিতির উন্নয়ন ও গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. জামিল ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল মান্নানও বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/এমএইচবি/১৯২৯ ঘ.