২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি অবস্থা শিথিল করলে সিটি কর্পোরেশন নির্বাচন সম্ভব: ছহুল হোসাইন

জরুরি অবস্থা প্রত্যাহার না করে যদি শিথিল করাও হয়, তাতে সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানে তেমন সমস্যা হবে না বলে মনে করেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন। জরুরি অবস্থা তুলে নেয়া বা না নেয়ার বিষয়টি সরকারের ওপরই ছেড়ে দিতে চায় নির্বাচন কমিশন (ইসি)। তারপরও সিটি কর্পোরেশন নির্বাচনের 'পরিবেশ তৈরি'র জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সরকারকে অনুরোধ জানানো হবে বলে ছহুল হোসাইন জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2008, 12:10 PM

Updated : 26 Aug 2022, 01:07 PM

ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থা প্রত্যাহার না করে যদি শিথিল করাও হয়, তাতে সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানে তেমন সমস্যা হবে না বলে মনে করেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন। জরুরি অবস্থা তুলে নেয়া বা না নেয়ার বিষয়টি সরকারের ওপরই ছেড়ে দিতে চায় নির্বাচন কমিশন (ইসি)। তারপরও সিটি কর্পোরেশন নির্বাচনের 'পরিবেশ তৈরি'র জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সরকারকে অনুরোধ জানানো হবে বলে ছহুল হোসাইন জানিয়েছেন। কমিশনের আশা, সরকার তাতে সাড়া দিয়ে নির্বাচনের আগে ফেব্র"য়ারি কিংবা মার্চে স্থানীয় পর্যায়ে জরুরি অবস্থা শিথিল বা প্রত্যাহার করবে। নির্বাচন কমিশন আগামী এপ্রিলে রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট- এ চারটি সিটি করপোরেশন নির্বাচন করতে চায়। জরুরি অবস্থার মধ্যেও নির্বাচনের নজির রয়েছে উল্লেখ করে নির্বাচন কমিশনার ছহুল হোসাইন মঙ্গলবার তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "আমার মনে হয় না, জরুরি অবস্থা শিথিল করলে এ সব নির্বাচন অনুষ্ঠানে খুব একটা সমস্যা হবে।" "তবে আমরা যদি দেখি জরুরি অবস্থা শিথিল করার পরও নির্বাচন অনুষ্ঠানের কাজ ব্যাহত হচ্ছে; তাহলে সরকারকে অনুরোধ করবো, জরুরি অবস্থা যেনো আরো শিথিল করা হয়", বলেন ছহুল হোসাইন। তিনি জানান, এপ্রিলে চারটি সিটি করপোরেশনে নির্বাচনের 'পরিবেশ' তৈরিতে ইসি ফেব্র"য়ারির শেষে বা মার্চের শুরুতে সরকারকে অনুরোধ জানাবে। নির্বাচন কমিশনার বলেন, "যে যে স্থানে নির্বাচন হবে, সে সে স্থানে জরুরি অবস্থা প্রত্যাহার বা শিথিল করার জন্য সরকারকে অনুরোধ করবো আমরা।" রাজনৈতিক দলগুলো স্থানীয় নির্বাচন আয়োজনে জরুরি অবস্থা তুলে নেয়ার দাবি করে আসছে। এ প্রসঙ্গে ছহুল হোসাইন বলেন, "জরুরি অবস্থা তুলে নেয়ার বিষয়টি আমরা সরকারের ওপরই ছেড়ে দিতে চাই। সরকারই ভালো বুঝবে, এই নির্বাচনের আগে জরুরি অবস্থা প্রত্যাহার করা হবে, না শিথিল করা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/এমআই/এমএ/১৭৫৮ ঘ.