ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় তথ্য জানতে সোমবার আরও চার সাবেক সরকারি কর্মকর্তাকে কমিশনে তলব করা হয়েছে।
রোববার দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব এএইচএম নূরুল ইসলাম সকাল ১০টায়, সাবেক আইএমইডি সচিব মানিক লাল সমাদ্দার সকাল ১১টায়, সাবেক তথ্য সচিব মির্জা তাসাদ্দুক হোসেন বেগ দুপুর ১২টায় এবং সাবেক জ্বালানী ও খনিজ সম্পদ সচিব নজরুল ইসলাম সাড়ে ১২টায় কমিশন কার্যালয়ে আসবেন।
একইদিন দুদক কার্যালয়ে সাবেক ও বর্তমান তিন সরকারি কর্মকর্তাকে খালেদা জিয়ার দুর্নীতি মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
সাবেক ওই সরকারি কর্মকর্তারা ২০০৩ সালে কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের জন্য ঠিকাদার নিয়োগ প্রক্রিয়ায় সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সদস্য ছিলেন।
গত ২৫ সেপ্টেম্বর এ মামলার তথ্য সংগ্রহের জন্য তৎকালীন ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সদস্য সাবেক ৫ মন্ত্রীকে দুদকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরা হলেন, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূইয়া, অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, কৃষিমন্ত্রী এম কে আনোয়ার ও তথ্য মন্ত্রী এম শামসুল ইসলাম।
গত ২ সেপ্টেম্বর খালেদা জিয়া ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় দুর্নীতি মামলা দায়ের করেন দুদকের উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী। এ মামলায় এ পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার এজাহারে খালেদা জিয়ার এ দুর্নীতির বিষয়ে সে সময়ের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভূমিকা গুরুত্বপূর্ণ বলে তুলে ধরা হয়।
এজাহারে বলা হয়, অনভিজ্ঞতা ও অদক্ষতার যুক্তিতে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রথমে গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানির (গ্যাটকো) কার্যাদেশ বাতিল করলেও পরে খালেদা জিয়ার সুপারিশে তা অনুমোদন করে। গ্যাটকোকে কাজ দেওয়ায় বিভিন্ন সময়ে বন্দরের কর্মকাণ্ড ব্যাহত এবং এতে সরকারের ১ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলেও অভিযোগ করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইএম/এসএম/এমএসবি/২২৪০ ঘ.
bdnews24