২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুমতি পেলেও তারেকের সঙ্গে দেখা করতে যাননি স্ত্রী শাশুড়ী

অনুমতি পেলেও ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ তারেক রহমানের সঙ্গে দেখা করতে যাননি তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ও শাশুড়ি ইকবাল মান্দ বানু। তাদের দুজনসহ মোট পাঁচজনকে শনিবার দেখা করার অনুমতি দিয়েছিল কারা কর্তৃপক্ষ। তাদের মধ্যে ডা. জোবাইদার বড় বোন শাহিনা খান তারেকের সঙ্গে দেখা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2007, 01:21 PM

Updated : 26 Aug 2022, 08:42 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - অনুমতি পেলেও ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ তারেক রহমানের সঙ্গে দেখা করতে যাননি তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ও শাশুড়ি ইকবাল মান্দ বানু। তাদের দুজনসহ মোট পাঁচজনকে শনিবার দেখা করার অনুমতি দিয়েছিল কারা কর্তৃপক্ষ। তাদের মধ্যে ডা. জোবাইদার বড় বোন শাহিনা খান তারেকের সঙ্গে দেখা করেছেন। কারা উপ মহাপরিদর্শক সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ডা. জোবাইদা রহমান ও ইকবাল মান্দ বানুসহ তারেক রহমানের পাঁচ আত্মীয়কে শনিবার কারাগারে এসে দেখা করার অনুমতি দেওয়া হয়েছিল। তবে শাহিনা খান ছাড়া আর কেউ দেখা করতে আসেনি।" তিনি আরো বলেন, "তারেক রহমানের স্ত্রী ও শাশুড়ি এর আগে একাধিকবার তার সঙ্গে দেখা করেছেন। সাধারণত আগে থেকে টেলিফোনে যোগাযোগ করে দুপুরের পর কোনো এক সময়ে তারা কারাগারে আসেন। কিন্তু শনিবার কেউ টেলিফোনও করেনি।" সামসুল হায়দার ছিদ্দিকী বলেন, "বিকাল সোয়া ৫টার দিকে তারেক রহমানের স্ত্রীর বড় বোন শাহিনা খান কারাগারে আসেন। তিনি তারেকের সঙ্গে প্রায় আধঘণ্টা সময় কাটান। যে পাঁচজনকে অনুমতি দেওয়া হয়েছিল তাদের মধ্যে শাহিনা খানেরও নাম ছিল।" তিনি আরো জানান, একজন ডিভিশনপ্রাপ্ত আসামি হিসেবে তারেক রহমানের আত্মীয়রা ১৫ দিন পর পর তার সঙ্গে দেখা করতে পারেন। জ্ঞাত আয় বহির্ভুত সম্পদের মালিক হওয়া ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন গত বুধবার তারেক রহমান, তার স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে কাফরুল থানায় একটি মামলা দায়ের করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএ/১৮১৩ ঘ.