২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমমনা দলের সঙ্গে আ'লীগের আলোচনায় তোফায়েলই সমন্বয়ক থাকছেন

পত্রপত্রিকায় প্রকাশিত 'দুর্নীতিবাজদের' তালিকায় নাম থাকায় ১৪ দলসহ সমমনা দলগুলোর সঙ্গে আওয়ামী লীগের আলোচনা সমন্বয় করার জন্য তোফায়েল আহমেদকে যে দায়িত্ব দেওয়া হয়েছিলো তা তিনি ছেড়ে দিতে চেয়েও শেষ পর্যন্ত পারেননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2007, 09:20 AM

Updated : 26 Aug 2022, 08:42 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- পত্রপত্রিকায় প্রকাশিত 'দুর্নীতিবাজদের' তালিকায় নাম থাকায় ১৪ দলসহ সমমনা দলগুলোর সঙ্গে আওয়ামী লীগের আলোচনা সমন্বয় করার জন্য তোফায়েল আহমেদকে যে দায়িত্ব দেওয়া হয়েছিলো তা তিনি ছেড়ে দিতে চেয়েও শেষ পর্যন্ত পারেননি। নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা সামনে রেখে ১৪ দলের মধ্যে সমন্বয়ের দায়িত্বে ছিলেন তোফায়েল। তালিকায় নাম আছে এমন খবর পত্রপত্রিকায় প্রকাশের পর তিনি দায়িত্ব ছেড়ে দিতে চাইলেও পরে জিল্লুর রহমান ও রাশেদ খান মেননের অনুরোধে সিদ্ধান্ত বদলেছেন। আওয়ামী লীগের সঙ্গে ওয়ার্কার্স পার্টির আলোচনার শুরুতেই এই ঘটনা ঘটে। শনিবার সকালে জিল্লুর রহমানের গুলশানের বাসভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ের শুরুতেই তোফায়েল আহমেদ নিজেই পুরো বিষয়টি বিভিন্ন প্রচার মাধ্যমের সংবাদ কর্মীদের সামনে তুলে ধরেন। তিনি বলেন,"দলের সভাপতিমণ্ডলীর বৈঠক থেকে জিল্লুর রহমান সাহেব আমাকে আলোচনা চালিয়ে নেওয়ার দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু যেদিন দায়িত্ব দেওয়া হয়েছিল সেদিনের তোফায়েল আর আজকের তোফায়েল এক নয়। আপনারা দেখেছেন নতুন যে তালিকা দেওয়া হয়েছে সে তালিকায় আমার নাম আছে। ছাত্র জীবন থেকেই আমি রাজনীতির সঙ্গে যুক্ত। ভুল-ত্র"টি নিয়েই মানুয়ের জীবন। আমি ভুল-ত্র"টি করিনি তা নয়। আমি মনে করি আমার পরিষ্কার হওয়া দরকার। তাই এই অবস্থায় এই দায়িত্ব পালন করা উচিত হবে বলে আমি মনে করি না। আমি মন্ত্রী-এমপি ছিলাম। যেহেতু, তালিকায় আমার নাম এসেছে, আমাকে চিঠি দেবে। আমিও আমার সম্পত্তির হিসাব দেবো।" তোফায়েল আহমেদের বক্তব্যের পরই জিল্লুর রহমান বলেন, "তোফায়েল আহমেদ সাহেব প্রথমেই অব্যাহতি চেয়েছেন। আমরা সকলেই এর প্রতিবাদ করেছি। ওনাকে প্রথমে চিঠি দেবে । তারপর উনি জবাব দেবেন। আর কারো বিরুদ্ধে মামলা হলেই তো তিনি আসামি হন না। আমরা আশা করি, ইনশাল্লাহ তোফায়েল সাহেবের বিরুদ্ধে কিছুই পাওয়া যাবে না।" এরপর রাশেদ খান মেনন বলেন, "দুর্নীতিবিরোধী অভিযানে আমাদের সমর্থন আছে। কিন্তু, আমরা দেখতে পাচ্ছি এই অভিযানে রাজনীতিবিদদের পুরোপুরি দায়ী করা হচ্ছে। তোফায়েল আহমেদ দায়িত্ব চালিয়ে গেলে ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে কোনো আপত্তি নেই। আমরা তাকে বলবো, আপনি আপনার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যান।" তিনি বলেন, "সরকারের কর্মকাণ্ডে মনে হচ্ছে, চার দলীয় জোটের জঙ্গিদের মদদ দেওয়ার ঘটনা কোনো ঘটনাই ছিলো না।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/জিএনএ/১৫০০ ঘ.