ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--বিএনপির খালেদাপন্থী মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন কারাবন্দী দুই নেত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনার মুক্তি দাবি করেছেন।
একই সঙ্গে তিনি জরুরি অবস্থা প্রত্যাহার করে ঘরোয়া রাজনীতি উন্মুক্ত করে দেওয়ার জন্য সরকারের কাছে আহবান জানিয়েছেন।
মঙ্গলবার সংসদ ভবনের ন্যাম ফ্ল্যাটে জিয়া পরিষদের নেতাদের সঙ্গে দেখা করার সময় তিনি এ দাবির কথা উল্লেখ করেন।
খোন্দকার দেলোয়ার বলেন, "রাজনীতির স্বার্র্থে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মুক্তি প্রয়োজন।"
বিএনপির অভিযোগের ব্যাপারে নির্বাচন কমিশনের ক্ষুদ্ধ প্রতিক্রিয়া সম্পর্কে প্রশ্ন করা হলে বিএনপির ব্যাপারে ইসির অবস্থান 'ঘোলাটে' মন্তব্য করে খোন্দকার দেলোয়ার বলেন, "বিএনপির রাজনীতিকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের আচরণ ও কার্যক্রম প্রশ্নবিদ্ধ।"
খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, "বিএনপির প্রতীক ধানের শীষ। এ প্রতীক নিয়ে কোন বিভ্রান্তি হতে পারেনা। বিএনপি ধানের শীষের দাবিদার উল্লেখ করে দেলোয়ার বলেন, এই প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের কোন বিভ্রান্তি সৃষ্টি করা ঠিক নয়।"
তিনি বলেন, যেসব দলের প্রতীক নেই তাদের প্রতীক বরাদ্দের বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে।
জিয়া পরিষদের চেয়ারম্যান কবির মুরাদের নেতৃত্বে ৩০ সদস্যের একটি দল দেলোয়ার হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন। বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক রিজভী আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এসকে/১৪০৬ঘ.
bdnews24