২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার গ্যাটকো দুর্নীতি মামলার আসামি সায়মন গ্রেপ্তার

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলার আরও এক আসামি ইসমাইল হোসেন ইসমাইল হোসেন সায়মনকে সোমবার গ্রেপ্তার করা হয়েছে। তিনি প্রয়াত বিএনপি নেতা ও সাবেক নৌ-পরিবহনমন্ত্রী আকবর হোসেনের ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2007, 11:39 AM

Updated : 26 Aug 2022, 08:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলার আরও এক আসামি ইসমাইল হোসেন ইসমাইল হোসেন সায়মনকে সোমবার গ্রেপ্তার করা হয়েছে। তিনি প্রয়াত বিএনপি নেতা ও সাবেক নৌ-পরিবহনমন্ত্রী আকবর হোসেনের ছেলে। দুর্নীতি দমন কমিশন কর্মকর্তারা গুলশান থানা পুলিশের সহায়তায় সোমবার দুপুরে গুলশান অ্যাভিনিউ এলাকা থেকে সায়মনকে গ্রেপ্তার করে। গুলশান থানার উপ-পরিদর্শক জাকিয়া বেগম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, দুদকের কর্মকর্তারা গুলশান থানা পুলিশের সহায়তায় দুপুর সাড়ে ১২টার দিকে সায়মনকে গ্রেপ্তার করেছেন। এরপর দুপুর ২টার দিকে তাকে আদালতে পাঠানো হয় বলে জাকিয়া বেগম জানান। ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে গ্যাটকো নামে একটি প্রতিষ্ঠানকে কন্টেইনার ডিপো পরিচালনার কাজ দেওয়ার অভিযোগে গত ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী তেজগাঁও থানায় দুর্নীতি মামলাটি দায়ের করেন। গত ১৭ সেপ্টেম্বর মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালার আওতায় আনা হয়। এ মামলায় খালেদা জিয়া ও তার ছোট ছেলে কোকোসহ মোট ১৩ জনকে আসামি করা হয়। এ মামলার চার আসামি- চবকের সাবেক চেয়ারম্যান জুলফিকার আলী, সাবেক নৌ পরিবহনমন্ত্রী প্রয়াত আকবর হোসেনের স্ত্রী জাহানারা আনসার, গ্যাটকোর পরিচালক এ কে এম মুসা কাজল ও এহসান ইউসুফ এখনো পালিয়ে আছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এসএনডি/এসকে/১৭৩৪ঘ.