ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতাকর্মীরা নতুন মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও হান্নান শাহ'র নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকায় খালেদা জিয়া সন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন তার আইনজীবী।
শনিবার বিকেল তিনটার দিকে বিশেষ কারাগারে আটক বিএনপি'র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার জাতীয় সংসদ ভবন এলাকার বিশেষ কারাগারে তার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এই কথা জানান।
দেড় ঘণ্টার সাক্ষাৎ শেষে অ্যাডভোকেট মাসুদ বলেন, "বিএনপি নেতাকর্মীরা নতুন মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও হান্নান শাহর নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকায় খালেদা জিয়া সন্তোষ প্রকাশ করেছেন।"
অ্যাডভোকেট মাসুদ জানান, খালেদা জিয়ার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। নিম্ন আদালতে যেহেতু জামিন পাওয়া যাচ্ছে না তাই আমরা উচ্চ আদালতে যাবো। ইতিমধ্যে উচ্চ আদালত জামিন দেওয়ার নজির সৃষ্টি করেছে।
তিনি বলেন, সব আইনজীবী বসে উচ্চ আদালতে যাওয়ার দিনক্ষণ চূড়ান্ত করবে। উচ্চ আদালতে যাওয়ার জন্য দুটি ওকালত নামায় খালেদা জিয়ার সই নেওয়া হয়েছে।
খালেদা জিয়া তার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর মামলার বিষয়ে খোঁজ খবর নিয়েছেন বলেও অ্যাডভোকেট মাসুদ জানান।
তিনি বলেন, রোজার মাসে দরিদ্র ও বন্যার্ত মানুষের পাশে থাকতে না পেরে খালেদা জিয়া দু:খ প্রকাশ করেছেন। তিনি রমজান মাসে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির মধ্যে দলীয় নেতাকর্মী ও বিত্তশালীদের তাদের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান।
খালেদা জিয়ার জন্য বিদেশী আইনজীবী আনা প্রসঙ্গে তিনি বলেন, দেশেই অনেক ভালো আইনজীবী আছেন। এখনই বিদেশ থেকে আইনজীবী আনার প্রয়োজন দেখা দেয়নি। তবে প্রয়োজন হলে সেটাও করা হবে বলে অ্যাডভোকেট মাসুদ জানান।
অ্যাডভোকেট মাসুদের পর খালেদা জিয়ার ব্যক্তিগত আইনজীবী ও দৈনিক দিনকালের ব্যবস্থাপনা পরিচালক শিমুল বিশ্বাস খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।
অ্যাডভোকেট শিমুল বিশ্বাস বলেন, যেখানে নেতাকর্মীরা নির্যাতিত হবে সেখানেই আইনি সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন খালেদা জিয়া। এজন্য তিনি একটি আইনি সহায়তা কমিটি গঠন করার নির্দেশ দেন।
তিনি জানান, "নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দিয়ে খালেদা জিয়া বলেছেন আইনি লড়াইয়ের মাধ্যমে অচিরেই তিনি মুক্ত হয়ে আসবেন।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/এমএআর/এমএ/ ১৮৪০ ঘ.
bdnews24