ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বিএনপির সংস্কারপন্থী হিসেবে পরিচিত অংশের মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া তার সিঙ্গাপুর সফর নিয়ে দলের বিরুদ্ধ পক্ষের কয়েকজন নেতার বক্তব্যকে 'বানোয়াট, অসত্য এবং কল্পনাপ্রসূত' বলে আখ্যা দিয়েছেন।
সিঙ্গাপুরে চিকিৎসা শেষে শনিবার দুপুরে থাই এয়ারলাইন্সের একটি বিমানে দেশে ফেরার পর গুলশানের ন্যাম ফ্ল্যাটে সাংবাদিকদের কাছে এ অভিমত দেন মান্নান ভূঁইয়া।
তিনি বলেন, "যারা আমার চিকিৎসা নিয়ে এ ধরণের উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য করেছেন এবং মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন, আল্লাহ তাদের সুপথে আনুক।"
মান্নান ভূইঁয়া ছয়দিন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে থেকে হৃদরোগ এবং মুত্রথলির জটিলতা সংক্রান্ত চিকিৎসা করিয়েছেন। শারীরিক অবস্থা এখন অনেক ভাল বলে তিনি জানান ।
সিঙ্গাপুর সফর সম্পর্কে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হান্নান শাহর বক্তব্যের জবাব দিতে গিয়ে মান্নান ভূঁইয়া বলেন, "সিঙ্গাপুরে আমি চিকিৎসা করাতে গিয়েছি। কোন রাজনীতি করতে না। সুতরাং ওখানে আমি কোন মিটিং করিনি। এ সংক্রান্ত খবর মিথ্যা।"
হান্নান শাহ গত শুক্রবার বলেছেন ,মান্নান ভূঁইয়ার সিঙ্গাপুর সফর দূরভিসন্ধিমূলক।
মান্নান ভূঁইয়া আরও বলেন, "আমি সিঙ্গাপুরে কপথর্ন অর্কিড হোটেলে ছিলাম। অথচ কেউ কেউ অপপ্রচার করেছেন আমি নাকি পার্ক হোটেলে ছিলাম।"
তিনি অভিযোগ করে বলেন,"এমন কথাও বলা হয়েছে, আমি নাকি নিরাপত্তার জন্য সিঙ্গাপুরের থানায় জিডি করেছি। যদি কেউ এ জিডির কপি দেখাতে পারেন তবে রাজনীতি ছেড়ে দেব।"
এক প্রশ্নের জবাবে মান্নান বলেন, নির্বাচন কমিশনের তরফ থেকে চিঠি পেলে তারা শরিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করে সিদ্ধান্ত নেবেন। শরিকদলের নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ রয়েছে বলে জানান তিনি।
সিঙ্গাপুরে অবস্থানকালে তিনি আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আমীর হোসেন আমুর অসুস্থ স্ত্রী ফরিদা হোসেনকেও দেখতে গিয়েছেন বলে জানান মান্নান ভূঁইয়া। তবে আমুর সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন তিনি।
বিমানবন্দরে মান্নান ভূঁইয়াকে স্বাগত জানান দলের যুগ্ম মহাসচিব আশরাফ হোসেনসহ অন্যান্য কয়েকজন নেতা। গত রোববার তিনি সিঙ্গাপুরে যান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এসকে/১৪২৬ঘ.
bdnews24