ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আগামী মাস থেকে দেশের বিভিন্ন জেলায় ব্যাপক আকারে ছবিসহ ভোটার তালিকার কাজ শুরু করবে নির্বাচন কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা মঙ্গলবার বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, "আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে আমরা দেশে ব্যাপক আকারে ছবিসহ ভোটার তালিকার কাজ শুরু করব। কোন জেলায় কখন তালিকা হবে, তার একটি কর্ম পরিকল্পনাও সে সময় নেওয়া হবে।"
তিনি জানান, অক্টোবরে চার হাজার ল্যাপটপ দিয়ে ভোটার তালিকা করা হবে। এজন্য ১০ অক্টোবরের পর দুই হাজার ও ২৫ অক্টোবরের পরে আরও দুই হাজার ল্যাপটপ কেনা হচ্ছে।
এক প্রশ্নের জবাবে শামসুল হুদা বলেন, রাজশাহী বা খুলনা সিটি করপোরেশন এলাকায় ভোটার তালিকা তৈরির কাজ শেষ হলে ওই করপোরেশনগুলোর নির্বাচনের জন্য ঘরোয়া রাজনীতি চালু করা প্রয়োজন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এসএনডি/এমএ/১৭৪৭ ঘ.
bdnews24