ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের বাসা থেকে বৈদেশিক মুদ্রা উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলাটি পুনঃ তদন্তের জন্য আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
মামলাটি সঠিক আইনের সঠিক ধারায় তদন্ত প্রতিবেদন (চার্জশীট) দাখিল করা হয়নি জানিয়ে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ ট্রাইবুনালের বিচারক মো. আজিজুল হক রোববার এ মামলা পুনঃতদন্ত করে তদন্ত কর্মকর্তাকে আবার প্রতিবেদন দিতে বলেন।
গত ৪ ফেব্র"য়ারি মির্জা আব্বাসের দক্ষিণ শাহজাহানপুরের বাসা তল্লাশি করে যৌথ বাহিনী বৈদেশিক মুদ্রা উদ্ধার করে। এ ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম মির্জা আব্বাসের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে অভিযোগপত্র দেন।
মামলাটি বিচারের জন্য মহানগর ৬ নম্বর বিশেষ ট্রাইবুনালে বদলি করা হলে সেখানে অভিযোগ গঠন সংক্রান্ত শুনানির দিন বিচারক আবু মহসীন অভিযোগ গঠন না করে মামলাটি ১৯৪৭ সালের বৈদেশিক মুদ্রা আইনে দায়ের করা হয়নি, চার্জশীটেও এআইনটি প্রয়োগ ও উল্লেখ করা হয়নি মন্তব্য করে মহানগর সিনিয়র বিশেষ ট্রাইবুনালের জজের কাছে পাঠিয়ে দেন।
এর পরিপ্রেক্ষিতে রোববার এই আদালতের বিচারক মো. আজিজুল হক এ আদেশ দেন।
এদিকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে অস্ত্র মামলায় রোববারও দুইজনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
ঢাকা মহানগর ৯ নম্বর বিশেষ ট্রাইবুনালের বিচারক সৈয়দ জাহেদ মনসুর আগামী ১৯ সেপ্টেম্বর এ মামলায় রাষ্ট্রপক্ষের পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন। মামলায় এ পর্যন্ত রাষ্ট্রপক্ষে মোট ১৩ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
এদিকে একই আদালতে ১৯ সেপ্টেম্বরে হারিছ চৌধুরীর বিরুদ্ধে অবৈধভাবে বৈদেশিক মুদ্রা নিজের কাছে রাখার মামলায় যুক্তিতর্ক শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এমএআর/জিএনএ/ ২০০৩ ঘ.
bdnews24