২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিতে এবার হান্নান-দেলোয়ার বিরোধ

বিএনপির নেতৃত্ব নিয়ে এবার বিরোধের ইঙ্গিত পাওয়া যাচ্ছে চেয়ারপারসন খালেদা জিয়ার অনুগতদের মধ্যেই। নতুন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন ও চেয়ারপারসনের উপদেষ্টা আ স ম হান্নান শাহর মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়েছে। চেয়ারপারসনের অনুপস্থিতিতে দল পরিচালনার ক্ষমতা দাবি করছেন হান্নান শাহ। কিন্তু খন্দকার দেলোয়ার বলছেন এটি দলের গঠনতন্ত্র বিরোধী। দুই নেতার মধ্যে এ বিরোধকে কেন্দ্র করে দলীয় নেতাদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2007, 05:55 AM

Updated : 26 Aug 2022, 08:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বিএনপির নেতৃত্ব নিয়ে এবার বিরোধের ইঙ্গিত পাওয়া যাচ্ছে চেয়ারপারসন খালেদা জিয়ার অনুগতদের মধ্যেই। নতুন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন ও চেয়ারপারসনের উপদেষ্টা আ স ম হান্নান শাহর মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়েছে। চেয়ারপারসনের অনুপস্থিতিতে দল পরিচালনার ক্ষমতা দাবি করছেন হান্নান শাহ। কিন্তু খন্দকার দেলোয়ার বলছেন এটি দলের গঠনতন্ত্র বিরোধী। দুই নেতার মধ্যে এ বিরোধকে কেন্দ্র করে দলীয় নেতাদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। রোববার সকালে দলের মহাসচিব খন্দকার দোলোয়ার হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোরকে বলেন, "বিএনপির গঠনতন্ত্রে প্রধান সমন্বয়কারী বলে কোন পদ নেই। এ পদের কথা যিনি বলেন তিনি দলের গঠনতন্ত্র মেনে চলছেন না। খালেদা জিয়া কারাগারে আছেন। দল তার নির্দেশেই চলবে।" তিনি আরো বলেন,"বিএনপি নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় বসবে কিনা, বিএনপির নেতাদের কোন সভা-অনুষ্ঠান করা যাবে কিনা- এ সবকিছুই চেয়ারপারসনের অনুমতি নিয়েই করা হবে। আমাদের নেত্রীর সঙ্গে দেখা করা কঠিন । তবে আমরা চেষ্টা করছি।" অপরদিকে আ স ম হান্নান শাহ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "দলের চেয়ারপারসন কারাগারে যাওয়ার সময় আমাকে দলের সমন্বয়কের দায়িত্ব দিয়েছেন। গ্রেপ্তার হওয়ার আগেও আমার সাথে বেগম জিয়ার কথা হয়েছে কিভাবে দল চলবে সে বিষয়ে।" তিনি বলেন,"জরুরি অবস্থার পর বিএনপির ওপর যে দুর্যোগ নেমে এসেছে সে সময় আমি দলের সব কাজ করেছি। দলের নেতাকর্মীদের কাছে চেয়ারপারসনের নির্দেশ আমিই পৌঁছে দিতাম। এখন কোন কোন নেতা দায়িত্ব পেয়ে অনেক কিছু বলতে পারেন, এতে আমার কিছু যায় আসেনা। আমি চেয়ারপারসনের নির্দেশ মত কাজ করেছি, করবও। দলের সমন্বয়কের দায়িত্ব আমিই পালন করব।" জানা গেছে, দেলোয়ারের সঙ্গে হান্নান শাহের বেশ কয়েকটি বিষয় নিয়ে মতভিন্নতার সৃষ্টি হয়েছে। সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একেএম বদরুদ্দোজা চৌধুরীকে দলে ফিরিয়ে আনা, রোজার ঈদের পরে ঢাকায় দলের বিভাগীয় পর্যায়ের নেতাদের বৈঠক করা, মুখপাত্র হিসেবে গণমাধ্যমের সঙ্গে কথা বলা ইত্যাদি বিষয়ই বিরোধের কারণ। হান্নান শাহ বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজেকে দলের প্রধান সমন্বয়কারী বলে উল্লেখ করে বলেন আইনজীবীর মাধ্যমে চেয়ারপারসন তাকে এ দায়িত্বের কথা জানিয়েছেন। তিনি আরো বলেন,"অধ্যাপক বি চৌধুরী একজন ভাল মানুষ ছিলেন। মান্নান ভুঁইয়ার কূট পরামর্শেই চেয়ারপারসন তাকে দল থেকে বের করে দিয়েছেন। অধ্যাপক চৌধুরী যদি আবার দলে ফিরে আসতে চান অবশ্যই আমরা তা বিবেচনা করব।" হান্নান শাহ সেদিন আরো বলেন রোজার পরে বিভাগ ও জেলার নেতাদেরকে পর্যায়ক্রমে ঢাকায় ডেকে এনে বৈঠক করে তারা নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় বসা না বসার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। অপরদিকে বৃহস্পতিবার ও শুক্রবার দলের মহাসচিব দেলোয়ার সাংবাদিকদের প্রশ্নের জবাবে হান্নান শাহর এসব বক্তব্য খন্ডন করেছেন। তিনি বলেন,"দলের গঠনতন্ত্রে প্রধান সমন্বয়ক অথবা সমন্বয়কারী বলতে কোন পদই নেই। চেয়ারপারসনের অনুমতি ছাড়া কোন পর্যায়েই সভা হবেনা। আমাদের এখন প্রধান ও একমাত্র লক্ষ্য দলের চেয়ারপারসনকে মুক্ত করে আনা।" গত ৩রা সেপ্টেম্বর খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার পর দলের মহাসচিব আব্দুল মান্নান ভুঁইয়া ও যুগ্ম মহাসচিব আশরাফ হোসেনকে বহিষ্কার করেন এবং নতুন মহাসচিব হিসেবে নিয়োগ দেন খন্দকার দেলোয়ারকে। আ স ম হান্নান শাহকে আনুষ্ঠানিকভাবে তিনি কোন দায়িত্ব দিয়ে যাননি। চেয়ারপারসনের ১৪ সদস্যের যে উপদেষ্টামন্ডলী রয়েছেন হান্নান শাহ তাদের একজন। জরুরি অবস্থা ঘোষণার পর বিএনপির সাবেক মন্ত্রী ও সিনিয়র নেতারা দুর্নীতির অভিযোগে একের পর এক গ্রেপ্তার হতে থাকলে ওইসময় মূলত কেবল হান্নান শাহই প্রকাশ্যে খালেদা জিয়ার পক্ষে অবস্থান নেন। ক্যান্টনমেন্টের শহীদ মইনুল সড়কের বাসায় খালেদা যখন অঘোষিত 'গৃহবন্দি' তখন গণমাধ্যমের সঙ্গে তিনিই যোগাযোগ রক্ষা করেছেন। এছাড়া হান্নান শাহ চেয়ারপারসনের পক্ষে বন্যায় ত্রান বিতরনের কর্মসূচিও শুরু করেছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এফএফ/এসকে/১১৪১ ঘ.