ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সাধারণ নেতাকর্মীদের হাতে বুধবার বিকেলে হয়রানি ও লাঞ্ছিত হওয়ার ঘটনাকে আবেগের বহিঃপ্রকাশ হিসেবে মানতে নারাজ দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুকুল বোস। তিনি বলেছেন, "গতকালের এই ঘটনা ছিল আওয়ামী লীগ অফিস বন্ধ করার ষড়যন্ত্র। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আছে, তা বিনষ্ট করার চক্রান্ত ছিল এটি।"
বুধবার বিকেলে দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে যোগ দিতে এসে দলীয় কর্মী-সমর্থকদের তোপের মুখে পড়েন দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুকুল বোস, আবু সাইয়িদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নানসহ সংস্কারবাদী হিসেবে পরিচিত নেতারা। বুধবার ধানমণ্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের সামনে জড়ো হওয়া কর্মী-সমর্থকরা সংস্কারবাদিদের গালিগালাজ ও ধাওয়া করে। এ ছাড়া তাদের 'দালাল' হিসেবে আখ্যায়িত করে শ্লোগান দেয়।
বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য সংস্কারবাদি আবু সাইয়িদের বাসায় মুকুল বোস এসব কথা বলেন।
একই সময় সাবেক তথ্য মন্ত্রী ও সংস্কারবাদি আবু সাইয়িদ হেনস্তা ও লাঞ্ছিত হওয়ার ঘটনা প্রচার করার জন্য বেসরকারি স্যাটেলাইট চ্যানেলগুলোকে ধন্যবাদ জানান। তিনি বলেন, "আপনারা বস্তুনিষ্ঠভাবে আবেগ তাড়িত না হয়ে এ সংবাদ পরিবেশন করেছেন।"
মুকুল বোস বলেন, "আমরা কার্যনির্বাহী সংসদের বৈঠকে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনাসহ গ্রেপ্তারকৃত সব নেতাকর্মীর মুক্তির দাবি জানিয়ে সিদ্ধান্ত নিয়েছি। তারপরও গতকাল এ ঘটনা ঘটলো। আমি বহুদিন ছাত্রলীগ করেছি, বহুদিন ধরে আওয়ামী লীগ করছি, কিন্তু যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের কাউকে আমি চিনতে পারিনি।"
সংস্কারবাদি হিসেবে পরিচিত এই নেতা আরও বলেন, "আমাদের সভানেত্রী জানিয়েছেন, তিনি কার্যনির্বাহী সংসদের নেওয়া সিদ্ধান্ত মেনে নেবেন। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। এজন্যই আমরা ঐক্যবদ্ধ রয়েছি।"
বুধবারের ঘটনার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, "আমার সঙ্গে দলের ভারপ্রাপ্ত সভাপতির কথা হয়েছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন বলে আমাকে জানিয়েছেন।"
তবে অপর সংস্কারবাদি নেতা আবু সাইয়িদ বুধবারের ঘটে যাওয়া ঘটনাকে ওয়ান ইলাভেনের প্রত্যাশার পরিপন্থি হিসেবে আখ্যায়িত করে বলেন, "আওয়ামী লীগকে শক্তিশালী করা সময়ের দাবি। যারা এ ঘটনা ঘটিয়েছে তারা দলকে দুর্বল করতে চায়।"
তিনি দাবি করেন, "মাস্তানি, সন্ত্রাস ও শক্তি নয়, নীতি হলো আমাদের আদর্শ। এই নীতির পরাজয় হবে না, আমরা অবশ্যই জয়ী হবো।"
পরিকল্পিতভাবে কেউ কেউ দলকে বিভক্ত করার কাজে লিপ্ত রয়েছে এবং তারা দলের অগ্রগতির পথে প্রতিবন্ধক সৃষ্টি করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/এমএ/১৩২০ঘ.
bdnews24