ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপির দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তিকে বহিষ্কার করেছেন দলের নতুন মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। সহদপ্তর সম্পাদক রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক করা হয়েছে। বহিষ্কার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় তৃপ্তি বলেছেন, "এই সিদ্ধান্ত অগঠনতান্ত্রিক ও অবৈধ।"
মঙ্গলবার সন্ধ্যায় দলীয় প্যাডে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম দপ্তরে পাঠানো এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে রিজভী আহমেদই 'ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক' হিসেবে স্বাক্ষর করেছেন। এতে বলা হয়েছে, "দলের চেয়াপারসনের সিদ্ধান্তের বিরুদ্ধাচারণ করে নির্বাচন কমিশনে চিঠি প্রেরণ করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তিকে তার পদ থেকে বহিষ্কার ও দলের প্রাথমিক সদস্য পদ বাতিল করেছেন। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।"
মুফিকুল হাসান তৃপ্তি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "দলের গঠনতন্ত্র অনুযায়ী মহাসচিব কাউকে বহিষ্কার করতে পারেন না। এই সিদ্ধান্ত অগঠনতান্ত্রিক ও অবৈধ।"
খোন্দকার দেলোয়ার হোসেন কাউকে বহিষ্কার করতে পারেন না জানিয়ে সাবেক সাংসদ আশরাফ হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "খোন্দকার দেলোয়ার হোসেনই তো নিজেই অবৈধ। তিনি আবার কাকে বহিষ্কার করেন। তা ছাড়া দলের গঠনতন্ত্র অনুযায়ী কোনো মহাসচিব দলের কেন্দ্রীয় কমিটি অথবা নির্বাহী কমিটিসহ স্থায়ী কমিটির কোনো সদস্যকে বহিষ্কার করার আইনগত অধিকার রাখেন না। তাই খোন্দকার দেলোয়ারের সিদ্ধান্ত সম্পূর্ণ অবৈধ।''
বিএনপির প্যাডে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারি প্রেস সচিব মহিউদ্দিন খান মোহন স্বাক্ষরিত অপর এক বিজ্ঞপ্তিতেও বলা হয়েছে, রিজভী আহমেদকে দপ্তর সম্পাদক নিয়োগ দেওয়া হয়েছে।
উল্লেখ্য মান্নান ভূঁইয়ার নেতৃত্বাধীন সংস্কারপন্থীদের একজন, মফিকুল হাসান তৃপ্তি দলের দপ্তর সম্পাদক হিসেবে গত রোববার নির্বাচন কমিশনে চিঠি দেন। ওই চিঠিতে বলা হয়, আব্দুল মান্নান ভূঁইয়া বিএনপির মহাসচিব এবং তিনিই বিএনপির মূলধারার প্রতিনিধিত্ব করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচবি/২০৪৬ ঘ.
bdnews24