ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপির সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের বিরুদ্ধে নিু আদালতে আয়কর ফাঁকির একটি মামলার বিচার কার্যক্রম দুই সপ্তাহের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। এ মামলার কার্যক্রম কেন বাতিল করা হবে না তার কারণ জানাতেও সরকারকে আদেশ দিয়েছে আদালত।
মির্জা আব্বাসের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি মো. আওলাদ আলী ও বিচারপতি শামীম হাসনাইনের বেঞ্চ এই আদেশ প্রদান করেন।
মির্জা আব্বাসের বিরুদ্ধে প্রায় সোয়া দুই কোটি টাকার আয়কর ফাঁকির অভিযোগে গত ৫ আগষ্ট উপ কর-কমিশনার রেজাউল করিম ওই মামলা দায়ের করেন। বিশেষ আদালতে মামলাটির বিচার কার্যক্রম চলছিল।
মামলাটির বৈধতা চ্যালেঞ্জ করে মির্জা আব্বাসের দায়ের করা রিট আবেদনের ওপর শুনানিতে অংশ নেন ব্যারিস্টার ফকরুল ইসলাম।
বিডিনিউজ২৪ডটকম/এটি/এমএইচবি/২২০৭ ঘ.
bdnews24