বগুড়া, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক বিএনপি সাংসদ হেলালুজ্জামান তালুকদার লালুর বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে।
চাঁদাবাজি ও মারধরের অভিযোগ এনে সোমবার জেলার 'গ' অঞ্চলের ম্যাজিস্ট্রেট আদালতে নতুন এ মামলাটি দায়ের করেন গাবতলী উপজেলার মো. শহীদুল ইসলাম নামে এক ব্যক্তি। এতে লালুসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের ২০ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
বিচারক অভিযোগ গ্রহণ করে তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
ত্রাণের মালামাল আত্মসাতের দায়ে সাবেক সাংসদ লালু এখন কারাভোগ করছেন। এছাড়া চাঁদাবাজি, মারপিট, ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে আরও পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে।
নতুন মামলার এজাহারে অভিযোগ করা হয়, ২০০৬ সালের ১৩ জানুয়ারি গাবতলীর চকসদু ঈদগাহ মাঠে আওয়ামী লীগের জনসভার জন্য মঞ্চ তৈরি করার সময় সাংসদ লালুসহ অন্য আসামিরা পিস্তল, রিভলবার, রামদা, হকিস্টিক নিয়ে ঘটনাস্থলে এসে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সাংসদ লালু সভামঞ্চ ভেঙ্গে দেওয়ার নির্দেশ দেয়। ওই সময় বাদিকে রশি দিয়ে বেঁধে জিপে তুলে গাবতলী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
পরে ৫০ হাজার টাকা সাংসদ লালুকে দেওয়া হলে বাদিকে ছেড়ে দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০৩৩ ঘ.
bdnews24