ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--বিএনপি সহ-সভাপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে সংস্কারপন্থীদের তিন সদস্যের এক প্রতিনিধিদল রোববার বিকেলে শেরেবাংলা নগরে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেছেন।
মান্নান ভূঁইয়ার নেতৃত্বাধীন সংস্কারপন্থিরাই দলের মূলধারার প্রতিনিধিত্ব করছেন বলে সিইসির কাছে প্রতিনিধিদলের সদস্যরা দাবি করেন। তারা দলের এ অংশটির সঙ্গেই সবধরণের যোগাযোগ করার জন্যও অনুরোধ করেন।
দলের দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তির স্বাক্ষর করা বিএনপির প্যাডে লেখা একটি পত্রও তারা সিইসি-র কাছে দেন।
এর আগে সাংবাদিকদের কাছে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা বলেন, কোন অংশের সঙ্গে যোগাযোগ করা হবে সে ব্যাপারে ইসি এখনো সিদ্ধান্ত নেয়নি।
সাক্ষাতের পর হাফিজ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, '' আমরা মনে করি না চেয়ারপার্সন খালেদা জিয়া মান্নান ভূঁইয়া ও আশরাফ হোসেনকে বহিষ্কার করেছেন। খালেদা জিয়ার প্রজ্ঞা ও নেতৃত্বের প্রতি আমাদের আস্থা আছে। তিনি আদৌ আমাদের মহাসচিব ও যুগ্ম-মহাসচিবকে বহিষ্কার করেছেন কিনা সে নিয়ে আমাদের সন্দেহ রয়েছে।''
তিনি এ বহিষ্কারাদেশকে 'অগণতান্ত্রিক ও গঠনতন্ত্রবিরোধী' বলে আখ্যা দেন।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ''বিএনপির মহাসচিব ও যুগ্ম-মহাসচিবকে বহিষ্কার করা হয়েছে -এ মর্মে কমিশনকে একটি চিঠি দেওয়া হয়েছে বলে আমরা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে এসেছি। আমাদের সঙ্গে ১৩০জন সাবেক সাংসদ ও সারাদেশের অসংখ্য নেতা-কর্মী রয়েছেন জানিয়ে কমিশনকে আমাদের সঙ্গে যোগাযোগ রাখার অনুরোধ জানিয়েছি।''
এক প্রশ্নের জবাবে বিএনপির সহ-সভাপতি বলেন, '' বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী নির্বাচনে বিএনপি এককভাবে অংশ নেবে। তাই আমাদের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি থাকলে তা নিরসন হয়ে যাবে।''
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ''জরুরি অবস্থার মধ্যে দলের মহাসচিবকে বহিষ্কার করা যায় কিনা তা বিবেচনার দাবি রাখে।''
প্রতিনিধিদলের অন্য দুইজন সদস্য ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ এইচ এম মোফাজ্জল করিম ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জেড এ খান।
প্রসঙ্গত, গত ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার হওয়ার পর খালেদা জিয়া দলের মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া ও যুগ্ম মহাসচিব আশরাফ হোসেনকে দল থেকে বহিষ্কার করে খোন্দকার দেলোয়ার হোসেনকে মহাসচিব নিয়োগকরেন। চেয়ারপার্সনের এই সিদ্ধান্ত জানিয়ে নতুন মহাসচিবের পক্ষে দলের সহ-দপ্তর সম্পাদক রিজভী আহমেদ নির্বাচন কমিশনে চিঠি দেন। এর পরিপ্রেক্ষিতেই বিএনপির সংস্কারপন্থী হিসেবে পরিচিত অংশের প্রতিনিধিদল সিইসি ও অন্য দুই নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এসএম/এসকে/১৮০৬ঘ.
bdnews24